২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ বিলিয়ন ডলারে ইন্সটাগ্র্যাম কিনছে ফেইসবুক

মোবাইলে তোলা ছবি সবার সঙ্গে শেয়ার করার স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘ইন্সটাগ্র্যাম’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 08:29 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলে তোলা ছবি সবার সঙ্গে শেয়ার করার স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘ইন্সটাগ্র্যাম’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক। অ্যাপ্লিকেশনটি কিনে নেওয়ার জন্য ফেইসবুক ১০০ কোটি মার্কিন ডলার খরচ করছে বলে মঙ্গলবার বিবিসি জানায়। ২০১০ সালের অক্টোবর মাসে বাজারে আসে ইন্সটাগ্র্যাম। তখন এটি শুধু আইফোনে ব্যবহার করা যেতো। গত সপ্তাহে অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে বাজারে ছাড়া হয় এটি। ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ নিশ্চিত করেছেন, ইন্সটাগ্রামকে পৃথক অ্যাপ্লিকেশন হিসেবেই রাখা হবে। প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোতেও ছবি পোস্ট করা যাবে এটি দিয়ে। এটি বিনামূল্যেই ব্যবহার করা যাবে। এছাড়া আপলোড করার আগে ১৭টি ফিল্টারের সুবিধাসহ ছবি সম্পাদনা করার সুযোগ থাকবে এতে। ইন্সটাগ্র্যাম কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বিশ্বে ৩ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ইন্সটাগ্র্যামের। প্রতিদিন অন্তত ৫০ লাখ ছবি শেয়ার করে থাকে তারা। প্রযুক্তি খাতে বিনিয়োগকারী পল কেডরোস্কি বলেন, আমি যতোদূর জানি, ইন্সটাগ্র্যামের কর্মীর সংখ্যা ১৩ জন। তাদের একেকজনের জন্য সাড়ে ৭ কোটি ডলারেরও বেশি খরচ করাটা এ চুক্তিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তিতে পরিণত করেছে। এদিকে মার্ক জুকারবার্গ নিজের ফেইসবুক পাতায় লিখেছেন, এটি ফেইসবুকের জন্য অন্তত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন, কারণ এই প্রথম এতো বেশি ব্যবহারকারী আছে এমন কোনো অ্যাপ্লিকেশন যোগ করছি আমরা। এ ধরনের পদক্ষেপ খুব বেশি নেবো না আমরা। এদিকে ইন্সটাগ্র্যাম র্কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে আরো তিনটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও আরো কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে কাছ তারা থেকে সাড়ে ৭ কোটি ডলার অর্থ পেয়েছে। এ চুক্তির মাধ্যমে গত চার মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অন্য কোনো প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক থেকে কর্মী সংগ্রহ করলো ফেইসবুক। এর আগে গত ডিসেম্বরে কোনো ব্যক্তি কোন স্থানে রয়েছে তা প্রচার করার অ্যাপ্লিকেশন ‘গোয়ালা’ কিনে নেয় ফেইসবুক। এর কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় গোয়ালা’র ওয়েবসাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৪২৪ ঘ.