২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় সেনাদের গুলিতে লেবানিজ চিত্রগ্রাহক নিহত

সিরিয়ার ও লেবানন সীমান্তবর্তী অঞ্চলে সোমবার সিরীয় সেনাদের গুলিতে লেবানিজ টেলিভিশনের এক চিত্রগ্রাহক নিহত হয়েছেন। নিহত চিত্রগ্রাহক আল-জাদিদ টেলিভিশনে কাজ করতেন বলে চ্যানেলটি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বৈরুত, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার ও লেবানন সীমান্তবর্তী অঞ্চলে সোমবার সিরীয় সেনাদের গুলিতে লেবানিজ টেলিভিশনের এক চিত্রগ্রাহক নিহত হয়েছেন। নিহত চিত্রগ্রাহক আল-জাদিদ টেলিভিশনে কাজ করতেন বলে চ্যানেলটি জানিয়েছে। টেলিভিশন চ্যানেলটি আরো জানায়, লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের ওয়াদি খালেদ অঞ্চলে কাজ করছিলেন চিত্রগ্রাহক আলি শাবান। আল জাদিদ টেলিভিশনের কর্মীদের বহনকারী গাড়িটি লক্ষ করে সিরীয় সেনারা গুলি চালালে তিনি নিহত হন। শাবানের সহকর্মী হুসেন খ্রেইসের উদ্ধৃতি দিয়ে টেলিভিশন চ্যানেলটির ওয়েবসাইটে বলা হয়েছে, “আমাদের সিরীয় ভাইদের বলেছি...আমরা সেনা নই। তারপরও তারা আমাদের গাড়ি লক্ষ করে গুলি ছোঁড়ে।” এতে আরো বলা হয়েছে, তারা আসলে কী করছে সে বিষয়টি ব্যাখ্যা করার পরও সিরীয় সেনারা তাদের ওপর গুলি চালায়। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে থেকে কর্তব্য পালনের সময় লেবানিজ গণমাধ্যমকর্মীদের ওপর সিরীয় সেনাদের গুলি চালানোর ঘটনা ন্যক্কারজনক।” সেইসঙ্গে তিনি আরো জানান, সিরীয় কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত ও দোষীদের শাস্তি দেয়ার আহ্বান জানাবেন। এদিকে সিরিয়ার গণমাধ্যমে ঘটনাটির সাফাই গেয়ে বলা হয়েছে, সিরীয় রক্ষীদের তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলার সময় ওই ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৭ ঘ.