ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ডলারের টিকেট কিনে যে তিন মার্কিন ভাগ্যবান ৬৫ কোটি ডলারের রেকর্ড গড়া লটারিটি জিতে নিয়েছেন, তাদের মধ্যে একজন যোগাযোগ করেছেন আয়োজকদের সঙ্গে।
আগের কয়েকটি ড্রয়ে কেউ বিজয়ী না হওয়ায় ‘মেগা মিলিয়ন জ্যাকপট’ নামের এই লটারিতে পুরস্কারের অংক বাড়তে বাড়তে শ্বাসরুদ্ধকর এক পর্যায়ে পৌঁছে যায় গত মাসের শেষ দিকে। ৩১ মার্চের ড্রয়ের পর আয়োজকরা জানান, ৬৫ কোটি ডলারের এই লটারিতে এবার বিজয়ী হয়েছেন তিন জন।
বিবিসির খবরে বলা হয়েছে, এই তিন জনের মধ্যে মেরিল্যান্ডের এক নারী ইতোমধ্যে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছেন, যিনি গণমাধ্যমের কাছে নিজের পরিচয় প্রকাশ করতে চান না। পুরস্কারের টাকা তিনি ভাগ করে নেবেন কানসাস ও ইলিনয়ের অন্য দুই বিজয়ীর সঙ্গে।
মেগা মিলিয়ন জ্যাকপটের মুখপাত্র কার্লো এভার্ট বলেন, “মেরিল্যান্ডের এই বিজয়ী তার পরিচয় গণমাধ্যমের কাছে গোপন রাখতে অনুরোধ করেছেন। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কিছু তথ্য সবাইকে জানানো হবে, যাতে বিজয়ীর পরিচয় প্রকাশিত না হলেও তার লটারি জয়ের গল্প
মেরিল্যান্ডের এই বিজয়ী লটারির টিকেট কিনেছিলেন বাল্টিমোরের মিলফোর্ড মিলের একটি দোকান থেকে। ট্যাক্সসহ এবার প্রত্যেক বিজয়ী পাবেন ২১৮ মিলিয়ন ডলার। বিজয়ীরা নিজেদের পছন্দ অনুযায়ী ২৬টি বার্ষিক কিস্তিতে এই অর্থ নিতে পারেন। আবার একবারেও তুলে নিতে পারেন পুরস্কারের পুরো অর্থ।
মেগা মিলিয়নস জ্যাকপটের নিয়ম হলো- এক ডলারে টিকেট কিনে প্রত্যেককে ১ থেকে ৫৬-এর মধ্যে মোট পাঁচটি সংখ্যা বেছে নিতে হয়; একইসঙ্গে ১ থেকে ৪৬ এর মধ্যে ষষ্ঠ নম্বরটি বেছে নিতে হয়। ড্রয়ের দিন যার ছয়টি সংখ্যাই মিলে যায় তিনি হন জ্যাকপট বিজয়ী। পাঁচটি সংখ্যা যাদের মেলে তারাও পুরস্কৃত হন।
২০০২ সাল থেকে চলে আসা এই লটারির শুরুটা ছিল এক কোটি ২০ লাখ ডলারের। তখন ওই অর্থকেই ‘মেগা জ্যাকপট’ নাম দিয়েছিলেন আয়োজকরা। টানা কয়েকটি ড্রয়ে বিজয়ী না পাওয়ায় এর আগে ২০০৭ সালে একবার পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৯ কোটি ডলারে।
আর এবার গত ২৪ জানুয়ারি থেকে টানা ১৮টি ড্রয়ে কেউ পাঁচটি সংখ্যা মেলাতে না পারায় পুরস্কার ৬৪ কোটি ডলারে দাঁড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/জেকে/১২৫০ ঘ.
bdnews24