২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া

দূরপাল্লার রকেট উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। এই রকেটে করে কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে বলে দাবি করেছে পিয়ংইয়ং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সিউল, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দূরপাল্লার রকেট উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। এই রকেটে করে কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে বলে দাবি করেছে পিয়ংইয়ং। তবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর ধারণা এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া আসলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা নিয়েছে। রকেট ছোড়ার প্রস্তুতি দেখানোর জন্য সাংবাদিকদের চীন সীমান্তের কাছে নবনির্মিত সোহা রকেট স্টেশনে নিয়ে যাওয়ার বিরল পদক্ষেপও নিয়েছে উত্তর কোরিয়া। সেখানে ৩০ মিটার উঁচু উনহা-৩ রকেট উৎক্ষেপণের তোড়জোড় চলতে দেখেছেন সাংবাদিকরা। রকেটটি উৎক্ষেপণ মঞ্চে স্থাপনের জন্য প্রয়োজনীয় তিন ধাপই সম্পন্ন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফলে এটি এখন পরিকল্পনামাফিক ১২-১৬ এপ্রিলের মধ্যে মহাকাশে যেতে প্রস্তুত। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাঙ এর ১শ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত মাসে এ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করে দেশটি। উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আশেপাশের দেশগুলো, বিশেষত জাপান এবং দক্ষিণ কোরিয়া। উৎক্ষেপণের পর রকেটটি কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল অতিক্রম করবে। ২০০৯ সালে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে যাওয়ায় এবারো তেমন কিছু ঘটার আশঙ্কায় উদ্বিগ্ন টোকিও। উনহা-৩ রকেটটি ২০০৯ সালে উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একই ধরনের বলেই মনে করছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। এর পাল্লা ৬ হাজার ৭০০ কিলোমিটারের বেশি (৪ হাজার ১৬০ মাইল)। এই রকেটের আওতার মধ্যে সবচেয়ে কাছে আছে যুক্তরাষ্ট্রের আলাস্কা। এর দূরত্ব উত্তর কোরিয়া থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৮ঘ