২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরের আশাবাদ মনমোহনের

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে সুবিধামতো সময়ে ইসলামাবাদ সফরে যাওয়ার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

নয়াদিল্লি, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে সুবিধামতো সময়ে ইসলামাবাদ সফরে যাওয়ার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার ভারত সফররত জারদারির সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের আগে এক বৈঠকে এ আশাবাদ জানান মনমোহন। একদিনের ব্যক্তিগত সফরে ভারত যান জারদারি। মনমোহনের নিমন্ত্রণে প্রধানমন্ত্রী ভবনে এ মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। সেখানেই বৈঠক করেন দু নেতা। বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে দু’জন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক বিষয় নিয়েই তারা আলোচনা করেছেন। আর সুবিধামতো সময়ে প্রথম পাকিস্তান সফরে যাওয়ার আশা করছেন বলে জানান মনমোহন। ওদিকে, জারদারিও বলেন, তারা দুজন খুব শিগগিরই পাকিস্তানের মাটিতে দেখা করার আশা করছেন। জারদারি বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সে সব বিষয় নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।” তার কথার রেশ ধরে মনমোহনও বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিত। দুপক্ষই তা চায়। দু দেশের মধ্যে বহু ইস্যু আছে এবং দুপক্ষই সেগুলোর কৌশলী ও প্রায়োগিক সমাধান খুঁজে পেতে আগ্রহী। জারদারির সঙ্গে সঙ্গে এ কথাই সবাইকে জানাতে চান তিনি । বৈঠকে মনমোহন সন্ত্রাসবাদ রুখে দাঁড়ানোর বিষয়টি জারদারিকে স্মরণ করিয়ে দেন। এছাড়া, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার হোতা হাফিজ সাঈদকে নিয়েও দু নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন ভারতীয় এক কর্মকর্তা। রোববার দুপুরে জারদারিকে বহন করা বিশেষ একটি বিমান দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামে। বিমানন্দরে তাকে স্বাগত জানান ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী পবন কুমার বংশাল। এরপর তিনি ৭ রেসকোর্স রোডে মনমোহন সিংয়ের বাসভবনে যান। প্রেসিডেন্ট হিসেবে এটাই জারদারির প্রথম ভারত সফর। এনডিটিভি জানিয়েছে, মধ্যাহ্নভোজে কংগ্রেস পার্টির নেতা সোনিয়া গান্ধীর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। আসিফ আলি জারদারির ৪০জন সফর সঙ্গীর মধ্যে ছেলে বিলাওয়াল ভুট্টো ছাড়াও তার পরিবারের অন্তত ১৩ সদস্য রয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। এ সময় তার পাশে ছেলে বিলাওয়াল ভুট্টো ছিল। ভারতের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করাই জারদারির এ সফরের মূল উদ্দেশ্যে। মনমোহনের সঙ্গে মধ্যাহ্নভোজের পর আজমিরে যাওয়ার কথা জারদারির। এরপরে সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন তিনি। গত সাত বছরের মধ্যে এটাই পাকিস্তানি কোনো রাষ্ট্র প্রধানের প্রথম ভারত সফর। ২০০৫ সালে সর্বশেষ বেনজির ভুট্টোর সঙ্গে আজমির শরীফ জিয়ারত করতে ভারতে যান আসিফ আলি জারদারি। একই বছর পাকিস্তানি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ ভারত সফরে যান পারভেজ মুশাররফ। ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। তবে স¤প্রতি দু দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে। পাকিস্তান স¤প্রতি ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এছাড়া ভারত থেকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকাও ছোট করছে জারদারি সরকার। তবে দু দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মির ও ভারতের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের তৎপরতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিরোধ এখনও রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৫ঘ.