আন্তাকিয়া, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার লড়াইবিক্ষুব্ধ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারের আগে বিরোধীপক্ষের কাছ থেকে সহিংসতা বন্ধের ‘লিখিত অঙ্গীকারনামা’ চায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার।
১০ এপ্রিল জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমার দু’দিন আগে রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে বলে জানায় বিবিসি।
বিবৃতিতে বলা হয়েছে, “সব ধরনের সহিংসতা বন্ধে রাজি হওয়ার বিষয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্র“পগুলোর কাছ থেকে কোনো লিখিত অঙ্গীকারনামা এখনও দেননি জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনান।”
আনানের প্রস্তাবিত ৬ দফা শান্তি পরিকল্পনায় ১০ এপ্রিলের মধ্যে সিরিয়ায় সব পক্ষকে সহিংসতা বন্ধ করা এবং ১২ এপ্রিলের মধ্যে পরিপূর্ণ যুদ্ধবিরতি করার কথা বলা হয়েছে।
সিরিয়া এর আগে বেঁেধ দেওয়া সময়সীমার মধ্যে লড়াই বিক্ষুব্ধ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারে রাজি হলেও রোববার তারা এ ধারণা ভুল বলে জানিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদেসি এদিন এক বিবৃতিতে বলেন, দামেস্ক মঙ্গলবারের মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে সেনা সরাবে বলে আগে যেসমস্ত খবর দিয়েছিলো তা আসলে ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছিল।
বিবৃতিতে আরো বলা হয়, “তাছাড়া, আনানও বিরোধীদের কাছ থেকে সহিংসতা বন্ধের ব্যাপারে কোনো লিখিত অঙ্গীকারনামা দিতে পারেননি; এমনকি সন্ত্রাসী গ্র“পগুলোকে তহবিল দেওয়া বন্ধ করার ব্যাপারে কাতার, সৌদি আরব এবং তুরস্কের কাছ থেকেও তিনি কোনো লিখিত অঙ্গীকারনামা নিয়ে আসতে পারেননি।”
সংবাদাতারা বলছেন, এর মধ্য দিয়ে সিরিয়া সরকার স্পষ্টতই ভারসাম্যপূর্ণ একটি যুদ্ধবিরতি চুক্তি এবং তারপর আলোচনার প্রস্তাব মেনে নেওয়ার পরিবর্তে বিরোধীদের পরিপূর্ণ আত্মসমর্পণ চাইছে।
যুদ্ধবিরতি বাস্তবায়নের সময়সীমার আসন্ন মুহূর্তেও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে সিরিয়ায়।
রোববার তুর্কি সীমান্তবর্তী ইদলিব প্রদেশে সিরীয় বাহিনী গোলা নিক্ষেপ করেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে বিরোধী পক্ষের কর্মীরা জানিয়েছে।
ইদলিবের প্রাদেশিক রাজধানী আল রুজ প্লেইনে প্রায় ৯০টি ট্যাংক সাঁজোয়া যান ও হেলিকপ্টার সহযোগে বোমা হামলা চালানো হয়েছে।
শনিবারও ইদলিব ও আলেপ্পো প্রদেশে তুমুল গোলা বর্ষণ হয়েছে। এছাড়া হামা শহরের উপকণ্ঠে লাটামানেহ নামের একটি স্থানে হামলা হয়েছে। এসব হামলায় প্রায় ১৬০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৩ঘ.
bdnews24