সানফ্রান্সিসকো, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ১৭ আফগানকে হত্যার অভিযোগে অভিযুক্ত মার্কিন সেনার পক্ষে লড়া দুই আইনজীবীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তার পক্ষের সামরিক আইনজীবীর পরিবর্তন চেয়েছেন বেসামরিক আইনজীবী।
অভিযুক্ত সার্জেন্ট রবার্ট ব্যালেসের পক্ষে নিয়োজিত বেসামরিক আইনজীবী জন হেনরি ব্রাউনি সামরিক আইনজীবী মেজর টমাস হার্লিকে লেখা এক ই-মেইলে লিখেন, “দুঃখিত, আপনাকে বরখাস্ত করা হচ্ছে। আপনার চেয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি।”
কোর্ট মার্শালের মুখোমুখি হওয়া সৈন্যদের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে এক্ষেত্রে অতিরিক্ত একজন বেসামরিক আইনজীবীকে নিয়োগ দিতে পারেন অভিযুক্তরা।
কোর্ট মার্শাল পদ্ধতি অনুযায়ী, বেলস নতুন কোনো সামরিক আইনজীবীকে নিয়োগের অনুরোধ জানাতে পারবেন। তবে হার্লির পরিবর্তে অপর কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে সামরিক বাহিনীর অনুমোদন লাগবে।
ইমেইলে আরো বলা হয়, মৃত্যুদন্ডের মামলা চালানোর অভিজ্ঞতা রয়েছে এমন সামরিক আইনজীবীর সঙ্গে কাজ করতে চায় ব্রাউনির দল।
ব্রাউনির সহযোগী এমা স্ক্যানল্যান ইমেইলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে হার্লি কোনো মন্তব্য করেননি।
ব্রাউনির আগ্রাসী গণমাধ্যম কৌশল নিয়ে বিষয়ে বেসামরিক ও সামরিক আইনজীবীদের মধ্যে মতানৈক্যকে কেন্দ্র করে এ ইমেইল পাঠানো হয়েছে। দুই পক্ষই একে অন্যের প্রতি সহযোগিতা না করার অভিযোগ তোলে।
গত ১১ মার্চ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গুলি চালিয়ে ৯ শিশুসহ ১৭ জনকে হত্যার দায়ে ব্যালেসের (৩৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে বেলসের পরিবার মামলা চালানোর জন্য ব্রাউনির দলের সহায়তা নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসইউ/১৬৪৪ ঘ.
bdnews24