২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈশ্বিক নগরায়নে নেতৃত্ব দেবে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র’

আগামী চার দশকে বৈশ্বিক নগরায়নের নেতৃত্ব দেবে ভারত, চীন, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

জাতিসংঘ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আগামী চার দশকে বৈশ্বিক নগরায়নের নেতৃত্ব দেবে ভারত, চীন, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র। পরবর্তী চার দশকে বিশ্বে শহুরে জনসংখ্যার ওপর বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত এক পূর্বাভাসে বিষয়টি তুলে ধরা হয়। অতিমাত্রায় নগরায়নের এ দেশগুলোকে আসছে সময়ে শহরের ক্রমবর্ধমান বাসিন্দার জন্য বাড়তি বাসস্থান, কর্মসংস্থান, জ্বালানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আসছে জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন’ শীর্ষক বিশ্ব সম্মেলনের আগে এ পূর্বাভাস প্রকাশ করা হল। আগামী জুনে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বিশ্ব নেতাদের ভারসাম্যপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়ে পূর্বাভাসটি প্রকাশ করা হয়। জাতিসংঘের ২০১১ সালের বিশ্বের নগরায়নের ভবিষ্যৎ পুর্নমূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে নাইজেরিয়ার শহরগুলোতে ২০ কোটি লোক যুক্ত হবে, ওই সময় নাইজেরিয়ার জনসংখ্যা বর্তমান (১৭ কোটি) সংখ্যার দ্বিগুণেরও বেশি হবে। ২০৫০ সালে ভারতের শহরগুলোতে ৪৯ কোটি ৭০ লাখ অতিরিক্ত মানুষ জড়ো হবে, আর মোট জনসংখ্যা বৃদ্ধি পাবে বর্তমান সংখ্যার প্রায় ৪০ শতাংশ। ওই সময়ে ইন্দোনেশিয়ার শহরবাসী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে ৯ কোটি ২০ লাখ, আর বর্তমান মোট জনসংখ্যার ৩৮ শতাংশ হারে লোক সংখ্যা বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের শহরবাসী মানুষের সংখ্যা বাড়বে ১০ কোটি ৩০ লাখ, বর্তমান মোট জনসংখ্যার সঙ্গে আরো এক তৃতীয়াংশ জনসংখ্যা যুক্ত হবে। আর চীনের জনসংখ্যা বাড়বে বর্তমান সংখ্যার এক চতুর্থাংশ এবং শহুরে জনসংখ্যা বৃদ্ধি পাবে ৩৪ কোটি ১০ লাখ। বর্তমান বিশ্বের ৭০০ কোটি বাসিন্দার অর্ধেক শহরে বসবাস করে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৯ ঘ.