কাবুল, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে বাড়িতে বাড়িতে রাত্রিকালীন তল্লাশি অভিযান কমাতে একটি চুক্তিতে পৌঁছছে কাবুল ও ওয়াশিংটন সরকার।
চুক্তির আওতায় পরিকল্পিত কোনো অভিযানে স্থানীয় কর্তৃপক্ষের ভেটো দেয়ার ক্ষমতা এবং বন্দিদের সঙ্গে আচরণ সম্পর্কে আরো বেশিকিছু বলার ক্ষমতা দেয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আব্দুল রহিম ওয়ার্দাক ও ন্যাটো শীর্ষ কর্মান্ডার জেনারেল জন অ্যালেনের রোববারই চুক্তিটি সই করার কথা জানানো হয়েছে আফগান সরকার পক্ষ থেকে।
সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে রাত্রিকালীন তল্লাশি অভিযান চালানো হয়ে থাকে। ন্যাটো কমান্ডারদের সমর্থনে চালানো এ হামলাগুলোকে জঙ্গি বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হলেও অধিকাংশ আফগানই এ অভিযানকে ঘৃণার চোখে দেখে।
নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, চুক্তির আওতায় রাত্রিকালীন অভিযানে যাদেরকে বন্দি করা হবে তাদের ওপর নিয়ন্ত্রণ থাকবে আফগান কর্তৃপক্ষের হাতে। বন্দিদের জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন তদন্তকারীদের অনুমতি দেয়া হবে কী না সে সিদ্ধান্তও নেবে আফগান কর্তৃপক্ষ।
তাছাড়া, অভিযানের আগে মার্কিন বাহিনীকে আফগানিস্তানের কোনো বিচারকের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানারও অনুমতি নিতে হবে। তবে এ প্রক্রিয়া রাত্রিকালীন অভিযানের কার্যকারিতা ও প্রভাব কমিয়ে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
স¤প্রতি আপগানিস্তানে এক মার্কিন সেনার গুলিতে ১৭ গ্রামবাসী নিহত ও ন্যাটো ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনার পর বিদেশি সেনাদের উপস্থিতি দেশটিতে স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৪ঘ.
bdnews24