মোগাদিসু, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বুধবার ন্যাশনাল থিয়েটারে এক নারী আত্মঘাতী হামলাকারীর বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে।
সরকারি মন্ত্রীরা হামলার লক্ষ্য ছিল। আল শাবাব বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
সদ্য চালু হওয়া এ থিয়েটারে একটি অনুষ্ঠান চলার সময় হামলা হয়।
নিহতদের মধ্যে সোমালিয়ার অলিম্পিক কমিটি ও ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানরা রয়েছেন।
বোমা বিস্ফোরণের সময় সোমালিয়ার প্রধানমন্ত্রী আব্দেওয়েলি মোহাম্মেদও ঘটনাস্থলে ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।
গণ্যমাণ্য এ ব্যক্তিরা সোমালিয়ার নতুন জাতীয় স্যাটেলাইট টেলিভিশন উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে থিয়েটারে উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় তাকে হত্যার চেষ্টাতেই এ হামলা চালানো হয়।
থিয়েটার পাহারায় থাকা এক সেনা মোহম্মদ আলি বলেছেন, বোমা হামলাকারীকে বাধা দেওয়া হয়েছিলো। কিন্তু তার পুলিশের পরিচয়পত্র থাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা টীম তাকে ভেতরে যেতে দেয়।
তিনি বলেন, “তরুণী ওই হামলাকারী একটি গাছের নীচে বসেছিল। প্রধানমন্ত্রীর গলার আওয়াজ পেতেই সে থিয়েটারের দিকে এগিয়ে যায়। তার হামলার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী।”
“এ সময় সন্দেহের বশে আমরা ওই নারীকে থামালেও তার পুলিশের পরিচয়পত্র থাকায় প্রধানমন্ত্রীর গার্ডরা তাকে ভেতরে যেতে দিতে বলে।”
আফ্রিকান ইউনিয়নও বোমা হামলাকারী একজন নারী বলে নিশ্চিত করেছে এবং হামলায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
সোমালিয়া টেলিভিশনের তিন সাংবাদিক হামলায় আহত হয়। এ ঘটনার জন্য সঙ্গে সঙ্গেই বিদ্রোহী আল-শাবাব জঙ্গিদের দায়ী করেন প্রধানমন্ত্রী।
১৯৯০ এর দশকে বন্ধ হয়ে যাওয়া থিয়েটারটি গতমাসে পুনরায় চালু করা হয়।
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব রাজধানী মোগাদিসুসহ বেশ কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করত।
গত বছর সেনাবাহিনী আল শাবাবকে শহর থেকে বের করে দেয়। এরপরই পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় খেলাধূলা, রেস্তোরা ও থিয়েটারগুলো পুনরায় চালু হতে থাকে মোগাদিসুতে। কিন্তু আল শাবাবের তৎপরতা থামেনি। প্রায়ই বোমা ও মর্টার হামলা চালিয়ে আসছে আল শাবাব।
বুধবার ন্যাশনাল থিয়েটারের অনুষ্ঠানের আগেই সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতাদের হত্যার টার্গেট করে বোমা পেতে রাখা হয়েছিল বলে জানিয়েছে আল শাবাব। তবে তারা আত্মঘাতী হামলাকারী দিয়ে হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
আল-শাবাবের সামরিক অভিযান পরিচালনা শাখার মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, থিয়েটারে বোমা বিস্ফোরণের নেপথ্যে আছি আমরা। আমরাই সরকারি মন্ত্রী ও আইনপ্রণেতাদেরকে টার্গেট করেছি। আর তারাই আজ হতাহত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩১ঘ.
bdnews24