২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনানের সাফল্য নির্ভর করছে রাশিয়ার ওপর’

সিরিয়ার সরকার ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমাদের আহ্বানের বিরুদ্ধে আসাদ সরকারকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়ার আগ্রহের ওপরই নির্ভর করছে কফি আনানের শান্তি প্রচেষ্টার সাফল্য-ব্যর্থতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

জাতিসংঘ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সরকার ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমাদের আহ্বানের বিরুদ্ধে আসাদ সরকারকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়ার আগ্রহের ওপরই নির্ভর করছে কফি আনানের শান্তি প্রচেষ্টার সাফল্য-ব্যর্থতা। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আসাদ সরকারের প্রতি রাশিয়ার চাপ অব্যাহত থাকলেই কেবল সফল হতে পারে কফি আনানের প্রচেষ্টা। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রচেষ্টার বিস্তারিত বিশ্লেষণ করে বুধবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। যদি আশঙ্কা অনুযায়ী, এপ্রিলের ১০ তারিখের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সেনা অভিযান বন্ধ করতে ও আবাসিক এলাকাগুলো থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে ব্যর্থ হলেও বছরব্যাপী চলমান সিরিয়ার সহিংসতা বন্ধে দামেস্কের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়া ও চীনের সঙ্গে দেনদরবার অব্যাহত রাখবেন আনান। জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এমনটিই মনে করেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, প্রথমবারের মতো আগামী ১০ এপ্রিল সময়সীমার মধ্যে বিদ্রোহীদের সঙ্গে লড়াই বন্ধ করতে রাজি হয়েছে সিরিয়া সরকার। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্রোহীদের তরফ থেকে সব ধরনের অভিযান বন্ধ করার শর্তে। ১০ এপ্রিলের সময়সীমাকে দ্রুতই আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা পরিষদ। রাশিয়া ইতিমধ্যেই সময়সীমাটির বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেছে, যুদ্ধবিরতির লক্ষ্যে প্রথম পদক্ষেপ আসাদ সরকারেরই নেওয়া উচিত। সিরিয়ার অস্থিরতায় বিদেশি কোনো হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করছে রাশিয়া। তবে পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়া তার অবস্থান পরিবর্তন করে সহিংসতা অবসানে দামেস্কের ওপর চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। আসাদ তার প্রতিশ্র“তি রক্ষা করবেন, এ কথা বিশ্বাস করে এমন কোনো কূটনীতিক বা কর্মকর্তা জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে খুঁজে পাওয়া মুশকিল। কারণ এর আগে দেওয়া সব প্রতিশ্র“তি রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। ১০ এপ্রিলের প্রতিশ্র“তির বিষয়ে পশ্চিমা সন্দেহ তুলে ধরে নিরাপত্তা পরিষদের এপ্রিল পর্বের সভাপতি যুক্তরাষ্ট্রের দূত সুসান রাইস বলেছেন, “এবারও যদি প্রতিশ্রুতি পূরণ করা না হয় তাহলে পরবর্তী উপযুক্ত পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে নিরাপত্তা পরিষদের সহযোগীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।” “পরবর্তী পদক্ষেপ” কী হতে পারে? তত্ত্ব অনুযায়ী, নিরাপত্তা পরিষদ দামেস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে অথবা লিবিয়া ও আইভরি কোস্টের মতো বেসামরিক নাগরিকদের রক্ষায় সামরিক অভিযান চালানোর বিষয়ে সম্মত হতে পারে। কিন্তু চীনের সমর্থনে রাশিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা সিরিয়ার ওপর জাতিসংঘের প্রস্তাবিত যে কোন ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করবে আর সিরিয়ার সরকার পরিবর্তনে কখনোই সামরিক পদক্ষেপকে সমর্থন জানাবে না। সিরিয়ার সহিংসতার নিন্দা জানিয়ে এর আগে নেওয়া জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া ও চীন। এরপরও, যদি নিরাপত্তা পরিষদকে আনান জানান যে আসাদ তার প্রতিশ্র“তি পালনে ব্যর্থ হয়েছেন এবং তার প্রস্তাবিত ছয় দফা শান্তি প্রস্তাব বাস্তবায়নে সিরিয়ার প্রতি চাপ সৃষ্টির জন্য একটি প্রস্তাব পাসের আহ্বান জানান তবে রাশিয়ার পক্ষে এ অনুরোধ উপেক্ষা করা কঠিন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১১ ঘ.