ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগানিস্তানের একটি তল্লাশি চৌকির পুলিশদের খাবারে বিষ মিশিয়ে চার পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। এরপর তল্লাশি চৌকিটিতে হামলাও চালিয়েছে তারা।
আফগান কর্মকর্তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।
আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশের নেহরি সিরাজ জেলায় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে হেলমান্দের প্রধান পুলিশ কর্মকর্তা আহমেদ নবি ইলহাম জানিয়েছেন।
বিবিসির কাবুল প্রতিনিধি বিলাল সারওয়ারি জানিয়েছেন, স¤প্রতি আফগান জাতীয় পুলিশ বাহিনীতে এ ধরনের কয়েকটি বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীতে তালেবানের পরিকল্পিত অনুপ্রবেশের ফলেই এসব ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর হেলামান্দের ওই তল্লাশি চৌকিতে মোতায়েন তিন পুলিশ কর্মকর্তা তাদের অস্ত্র ও পরিবহনসহ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তারা আফগান তালেবানের পক্ষ হয়ে কাজ করছিলেন বলে ধারণা করছেন আফগান গোয়েন্দা কর্মকর্তারা।
নবি ইলহাম জানান, তল্লাশি চৌকিটিতে সর্বাত্মক হামলা চালানোর আগে তালেবান জঙ্গিরা পুলিশদের দইয়ে বিষ মিশিয়ে দিয়েছিল।
বিদ্রোহীরা হেলমান্দে আগেও এ ধরনের কৌশল প্রয়োগ করেছিল বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি। ঘটনার স্বরূপ উদঘাটনে একটি তদন্ত পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটোর সব সেনা সরিয়ে নেওয়া হবে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
নতুন এ দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পুলিশ বাহিনীর স¤প্রসারণ করা হচ্ছে। পরিস্থিতির সুযোগে জঙ্গিদের পক্ষে পুলিশ বাহিনীতে অনুপ্রবেশ সহজ হচ্ছে বলে আশঙ্কা বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৩ ঘ.
bdnews24