দুবাই, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াশিংটন যদি ইরানে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্রও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানি বিপ্লবী রক্ষী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মাসুদ জাযায়েরি নামের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার একটি ইরানি দৈনিক এ বিষয়টি প্রকাশ করে।
“যে কোন ধরনের হামলার মুখোমুখি হলে আমরা ভয়াবহ পাল্টা হামলা চালাবো। এক্ষেত্রে আমরা শুধু মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরের আমাদের সীমান্তজুড়েই আক্রমণ পরিচালনা করব না, সে সময় আমেরিকার একটি অংশও আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না,” দৈনিকটিতে প্রকাশিত উদ্ধৃতিতে জানান মাসুদ জাযায়েরি।
কোনো দেশে ইরান প্রথমে হামলা করবে না বলেও জানান তিনি।
পরমাণু প্রকল্প নিয়ে গত কয়েকমাস ধরে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু প্রকল্প পরমাণু বোমা নির্মাণের উদ্দেশে নিয়োজিত বলে সন্দেহ করছে। ইরান এই অভিযোগ অস্বীকার করে তাদের পরমাণু প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হচ্ছে বলে দাবি করছে।
পরমাণু প্রকল্প বন্ধ করা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
পরমাণু প্রকল্প বন্ধে বাধ্য করতে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
এ বিষয়ে একটি সমঝোতার জন্য চলতি এপ্রিল মাসেই ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর একটি বৈঠক আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে। পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না হওয়ায় গত ২০১১’র জানুয়ারিতে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর সর্বশেষ আলোচনা ব্যর্থ হয়।
ইরানের দাবি, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আলোকে শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প গড়ে তোলার অধিকার তাদের আছে।
“আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও প্রতিক্রিয়াশীল আরবদের এটি লক্ষ করা উচিত, ইরানের স্বার্থে আঘাত লাগলে আমরা তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি করে ছাড়ব,” বলেন জাযায়েরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪২ ঘ.
bdnews24