ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থেরাপির মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে অটিজমে আক্রান্ত শিশুদের সামাজিক ও যোগাযোগ দক্ষতার উন্নয়ন ঘটলেও কিছু কিছু শিশুর ক্ষেত্রে এসব সমস্যা থেকেই যায়।
আর একজন শিশুর মধ্যে প্রথম যখন অটিজম সনাক্ত করা হয় তখন তার লক্ষণগুলো যতো হালকা থাকে তার সেরে ওঠার সম্ভাবনাও থাকে ততো বেশি।
সোমবার পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি ৮৮ জন শিশুর মধ্যে একজন অটিজমের শিকার বলে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ তথ্য প্রকাশের কয়েকদিনের মধ্যেই নতুন এ গবেষণা প্রকাশিত হলো।
প্রধান গবেষক ও নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অটিজম গবেষক খ্রিস্টিন ফাউন্টেইন বলেন, “শিশুভেদে অটিজমের লক্ষণ বিভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে এ লক্ষণগুলো কীভাবে কাজ করে আমরা তা দেখেছি।”
২-১৪ বছর বয়সী সাত হাজার শিশুর ওপর নতুন এ গবেষণা চালানো হয়। শিশুদের কমপক্ষে চারবার মূল্যায়ন করা হয়। মূল্যায়নের সময় ফাউন্টেইন ও তার সহকর্মীরা শিশুদের সামাজিক ও যোগাযোগীয় সমস্যার লক্ষণ এবং পুনরাবৃত্তিক আচরণ সংগ্রহ করেন।
গবেষকরা দেখেন, সামজিক ও যোগাযোগীয় সমস্যার ক্ষেত্রে অধিকাংশ শিশুরই সময়ের সাথে সাথে অগ্রগতি হয়েছে। তবে কোনো শিশুর ক্ষেত্রে তা দ্রুত ঘটেছে, কারো ক্ষেত্রে বিলম্বে।
আর অধিকাংশ শিশুর ক্ষেত্রে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে শিশুদের পুনরাবৃত্তিক আচরণের উন্নতি বা অবণতি হয়না।
এতে আরো দেখা যায়, শ্বেতাঙ্গ ও শিক্ষিত পিতামাতার সন্তানদের মধ্যে চিকিৎসা চলাকালীন অটিজমের লক্ষণ কম ছিলো। আর অটিজম ছাড়াও বুদ্ধিবৃত্তিক অন্য কোনো সমস্যায় আক্রান্ত শিশুদের এ অগ্রগতির সম্ভাবনা কম থাকে।
ব্যাটন রগের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস অ্যান্ড ইনটেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিসের শিক্ষক জনি ম্যাটসন বলেন, “গবেষণার মূল কথা হলো, কারো যদি অটিজমের পাশাপাশি আরো কোনো ধরণের মানসিক সমস্যা থাকে তাহলে তার অগ্রগতিতে বিলম্ব হয়।”
তিনি বলেন, “পিতামাতার গোত্র ও শিক্ষার ওপর ভিত্তি করে সন্তানদের অগ্রগতিতে যে পার্থক্য ঘটে তা মূলত ঘটে উন্নত চিকিৎসা সেবার জন্য। তবে সুখবর হলো, এ পার্থক্যটা খুব দ্রুত কমে যাচ্ছে।”
ম্যাটসন অবশ্য এ গবেষণায় অংশ নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/০৯৫৭ ঘ.
bdnews24