২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশক পর জিম্মি মুক্তি দিল কলম্বিয়ার ফার্ক গেরিলারা

কলম্বিয়ায় এক দশকেরও বেশি সময় জিম্মি করে রাখা সশস্ত্র বাহিনীর ১০ সদস্যকে সোমবার মুক্তি দিয়েছে ফার্ক বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

বোগাতা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বিয়ায় এক দশকেরও বেশি সময় জিম্মি করে রাখা সশস্ত্র বাহিনীর ১০ সদস্যকে সোমবার মুক্তি দিয়েছে ফার্ক বিদ্রোহীরা। জিম্মিদের কেউ কেউ ১৪ বছর রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্কে)’র কাছে বন্দি হয়ে ছিল। আন্তর্জাতিক রেডক্রস কমিটির নেতৃত্বে একটি মানবিক মিশনে ফার্ক গেরিলাদের হাতে বন্দি কলম্বিয়ার ছয় পুলিশ ও চার সেনা মুক্তি পেয়েছে। শান্তির পথে চলার ইঙ্গিত হিসেবে ফার্ক সশস্ত্র বাহিনীর এ সদস্যদের মুক্তি দিয়েছে বলে জানিয়েছে। গেরিলা দলটি সশস্ত্র বাহিনীর এ জিম্মিদের কলাম্বিয়ার দক্ষিণাঞ্চলের একটি বিচ্ছিন্ন অঞ্চলে ছেড়ে দেয়। সেখান থেকে ব্রাজিলের একটি হেলিকপ্টারে করে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিম্মি মুক্তির পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক সংক্ষিপ্ত মন্তব্যে কলাম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন “গেরিলাদের কাছে জিম্মি থাকা কলাম্বিয়ার এ পুলিশ ও সেনাদের মুক্তিকে স্বাগত জানাচ্ছি।” তবে সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য ফার্কের এ পদক্ষেপ যথেষ্ট নয় বলেও তিনি জানান। কলাম্বিয়ার মার্কসবাদী এ গেরিলারা প্রায় ৫ দশক ধরে সরকারের সঙ্গে লড়াই করে আসছে। গেরিলা দলটির কাছে এখনও সাতশ’রও বেশি বেসামরিক মানুষ জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদেরকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে ফার্ক। ১৯৯০ এর দশকে কলম্বিয়ার শসস্ত্র বাহিনীর ওই ১০ সদস্যকে জিম্মি করে গেরিলা দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৩ঘ.