২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের সময়সীমা ১০ এপ্রিল’

বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে ১০ এপ্রিলে মধ্যে সব শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

বৈরুত, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে ১০ এপ্রিলে মধ্যে সব শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে সিরিয়া। কফি আনান প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সিরিয়া সরকারকে অফুরন্ত সময় দেওয়া যাবে না বলে রোববার পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলো সতর্ক করার দুইদিনের মধ্যেই সিরিয়ার এই প্রতিশ্র“তি পাওয়া গেল। সোমবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার কক্ষে জাতিসংঘ-আরব লিগের শান্তি দূত কফি আনান সিরিয়ার এই প্রতিশ্র“তির কথা পরিষদের সদস্যদের সামনে তুলে ধরেন। তার দেওয়া শান্তি প্রস্তাব সিরিয়ার আসাদ সরকার গ্রহণ করার কথা জানালেও এতে সহিংসতা কিছুমাত্র কমেনি বলে পরিষদে জানান আনান। সহিংসতা সত্ত্বেও ১০ এপ্রিলের মধ্যে শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ায়, সিরিয়াতে একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আসাদ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান আনান। তবে সিরিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পশ্চিমা কূটনীতিকরা। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এপ্রিল পর্বের সভাপতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেছেন, “নিরাপত্তা পরিষদের কিছু সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সিরিয়া সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরের দিনটিকেই ব্যাপক সহিংসতা চালানোর জন্য বেছে নিতে পারেন এবং প্রতিশ্রুতির বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।” প্রায় এক বছর ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে জাতিসংঘের হিসেব অনুযায়ী সরকারি বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এবি/সিআর/১৩৪৩ ঘ.