২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয়দের চাপে জাপানে পরমাণু চুল্লি চালুতে বিলম্ব

স্থানীয় বাসিন্দাদের চাপে জাপানের একটি পরমাণু কেন্দ্রের দুইটি চুল্লি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা সময় নিতে পারেন। স্থানীয় আশাহি সংবাদপত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

টোকিও, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্থানীয় বাসিন্দাদের চাপে জাপানের একটি পরমাণু কেন্দ্রের দুইটি চুল্লি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা সময় নিতে পারেন। স্থানীয় আশাহি সংবাদপত্র এ খবর জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নোদা ও মন্ত্রীপরিষদের অপর তিন সদস্য কানসি ইলেকট্রিক পাওয়ারের ওহি পরমাণু প্রকল্পের ৩ ও ৪ নম্বর চুল্লির নিরাপত্তা বিষয়ে আলোচনায় মিলিত হবেন। কিন্তু বৈঠকে তারা চুল্লি দুইটি পুনরায় চালু করার সিদ্ধান্তটি ঝুলিয়ে রাখতে পারেন বলে আশাহি প্রকাশিত খবরে আভাস দেওয়া হয়েছে। চুল্লিগুলো পুনরায় চালু করার উদ্দেশ্যে সরকার নির্ধারিত ‘চাপ পরীক্ষা’ও করা হয়েছে। আর এতে চুল্লি দু’টি ভালোভাবেই উৎরে গেছে। এরপরও চুল্লি দুইটি চালু করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে পরমাণু কেন্দ্রটির আশপাশে থাকা বাসিন্দারা। চুল্লি দুইটি চালু করার বিষয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছে কানসি ইলেকট্রিক কোম্পানি। কিন্তু প্রধানমন্ত্রী সময় ক্ষেপণের কৌশল গ্রহণ করবেন বলেই ধারণা করা হচ্ছে। জাপানের বাণিজ্য মন্ত্রী উকিয়ো এদানো অবশ্য সোমবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ক্ষুহূর্তে চুল্লি দু’টি পুনরায় চালু করার বিরোধী তিনি। স্থানীয় সরকার ও বাসিন্দাদের আস্থা অর্জন না করা পর্যন্ত কোনো পরমাণু চুল্লি চালু করা যাবে না বলে জানিয়েছেন এদানো। ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ফুকুশিমা পরমাণু প্রকল্পের তেজস্ক্রিয়তা সঙ্কটের পর সৃষ্ট উদ্বেগে জননিরাপত্তার জন্য জাপানের ৫৪টি পরমাণু চুল্লির মধ্যে ৫৩টিই বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.