২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের মাথার দাম ১ কোটি ডলার

ভারতের মুম্বাইয়ে বোমা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাইয়িদকে ধরার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মুম্বাইয়ে বোমা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাইয়িদকে ধরার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এ তথ্য জানায়। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে তাজ হোটেলসহ আরো বেশ কয়েকটি স্থাপনায় সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে নিহত হয় ১৬৬ জন। এদের মধ্যে ৬ জন মার্কিন নাগরিক ছিলেন। পরবর্তী সময়ে এই হামলা ২৬/১১ বলে পরিচিতি পায়। এই হামলার মূল পরিকল্পনাকারী জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইয়িদ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা’র প্রতিষ্ঠাতা। দু’টি সংগঠনই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। মুম্বাইয়ে ২৬/১১’র হামলার পর থেকে সাইয়িদ ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত অপরাধী। ওই ঘটনার পর থেকে সাইয়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের ওপর চাপ বাড়ে। কিন্তু এক্ষেত্রে তারা তেমন কিছুই করতে পারেনি। উল্টো হাফিজ সাইয়িদ পাকিস্তানে মুক্তভাবে তার বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদে বেশ কয়েকজন পাকিস্তানি মন্ত্রীর উপস্থিতিতে সাইয়িদ জনসমাবেশও করেছে। পাকিস্তান বার বারই জানিয়েছে, হাফিজ সাইয়িদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ সরবরাহ করলে তারা ব্যবস্থা নেবে। নিউইয়র্কের টুইন টাওয়ারে (বিশ্ব বাণিজ্য কেন্দ্র) ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর এর অন্যতম পরিকল্পক হিসেবে সন্ত্রাসী সংগঠন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মাথার জন্য পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একইভাবে হাফিজ সাইয়িদের জন্যও পুরস্কার ঘোষণা করা হলো। হাফিজ সাইয়িদকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাভুক্ত করে পাকিস্তানের ওপরও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চাপ সৃষ্টি করলো ওবামা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১০ ঘ.