ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকল্যান্ড যুদ্ধের ৩০ বছর পূর্তি উদযাপন করছে ব্রিটেন ও আর্জেন্টিনা। এ উপলক্ষ্যে উভয় দেশেই আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।
১৯৮২ সালের ২ এপ্রিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার আগ্রাসন রুখতে অভিযান চালায় ব্রিটিশ সেনারা। ওইসময় ৭৪ দিনের যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ ও ৬৫০ জন আর্জেন্টাইন সেনা নিহত হয়।
স¤প্রতি এ দ্বীপপুঞ্জের উপর নতুন করে দাবি উত্থাপন করার মধ্যেই এ পূর্তি পালন করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেন, এটি আর্জেন্টাইন ও ব্রিটিশ উভয় দেশের সেনাদেরই স্মরণীয় দিন।
তবে এ দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের সার্বভৌমত্ব বজায় রাখতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
ক্যামেরন বলেন, “১৯৮২ সাল থেকে ফকল্যান্ডবাসী যে উন্নয়ন ও নিশ্চিত ভবিষ্যত গড়েছে তা নিয়ে তারা গর্ব করতে পারে। ফকল্যান্ডবাসীদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রক্ষায় ব্রিটেন বদ্ধপরিকর। ৩০ বছর আগে এ মূলনীতিই গ্রহণ করা হয়েছিলো, এবং আজ তা আবারো নিশ্চিত করছি আমি।”
১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করে আসছে ব্রিটিশরা। তবে আর্জেন্টিনা ‘দ্য মালভিনাস’ নামে পরিচিত এ দ্বীপপুঞ্জের ওপর তাদের অধিকার স্প্যানিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে দাবি করে থাকে।
দিনটি উপলক্ষ্যে স্ট্যাটফোর্ডশায়ারে ‘ব্রিটেন’স ন্যাশনাল মেমোরিয়াল আরবোরেটামে’ এ যুদ্ধে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন ফিরে আসা অংশগ্রহণকারী প্রবীণ যোদ্ধারাসহ নিহতদের আত্মীয়রা। দিনটি উপলক্ষ্যে মোমবাতি জ্বালানো হয়। আগামী ৭৪ দিন এটি টানা জ্বলতে থাকবে।
যুদ্ধে নিহত আর্জেন্টাইন সেনাদের শ্রদ্ধা জানাতে সোমবার দক্ষিণাঞ্চলের উশুয়াইয়া পোর্টে সফরে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিসটিনা ফার্নান্দেজ দে ক্রিচনারের। নিহত আর্জেন্টাইন সেনাদের স্মরণে একটি মিছিলে নেতৃত্ব দেওয়া এবং শিখা প্রজ্জ্বলনের কথা রয়েছে তার।
ক্রিচনারের আগমনের আগে নিহত সেনাদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাতব্যপী প্রার্থনাসভা আয়োজন করেন যুদ্ধফেরত আর্জেন্টাইনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24