হাভানা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-এ বছরের ‘গুড ফ্রাইডে’ তে সরকারি ছুটি ঘোষণা করেছে কিউবা। পোপ ষোড়শ বেনেডিক্টের আবেদনের পরই দিনটিতে ছুটি ঘোষণা করল কিউবা সরকার।
চলতি বছর মার্চে তিনদিনের সফরে কিউবা যান পোপ। এ সময় তিনি কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠকে আগামী সপ্তাহের গুড ফ্রাইডেতে সরকারি ছুটি ঘোষণার আবেদন জানান।
কিউবা সফরের সময় সাবেক প্রেসিডেন্ট ও কিউবা বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গেও বৈঠক করে পোপ।
খ্রিস্টান ক্যাথলিকরা গুড ফ্রাইডেকে যীশু খ্রিস্টের মৃত্যুদিন হিসেবে পালন করে থাকে এবং তাদের ইস্টার বা খ্রিস্টের পুনরুত্থান দিবস উদযাপনের মূল অংশই হচ্ছে গুড ফ্রাইডে।
১৯৫৯ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর ধর্মীয় ছুটির দিনগুলোকে বাদ দেন ফিদেল ক্যাস্ত্রো। তবে ১৯৯৮ সালে তৎকালীন পোপ জন পলের সম্মানার্থে ক্রিসমাসের ছুটি দিয়েছিলেন ফিদেল।
এবারো পোপ ষোড়শ বেনেডিক্টের একইরকম অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকারি ছুটি ঘোষিত হল কিউবায়।
গুড ফ্রাইডেকে সরকারি ছুটি ঘোষণা বিষয়ে এক বিবৃতিতে কিউবা সরকার জানায়, “পোপের সফরের সফলতার আলোকে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এ সিদ্ধান্ত নিয়েছেন।”
এতে আরো বলা হয়, এ বছরই কেবল গুড ফ্রাইডে’র ছুটি সম্পর্কে এ সিদ্ধান্ত হয়েছে। এ ছুটি স্থায়ী করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৭ঘ.
bdnews24