২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দিচ্ছে মুসলিম ব্রাদারহুড

মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনীত করেছে মুসলিম ব্রাদারহুড। চলতি বছর মে মাসে অনুষ্ঠেয় এ নির্বাচনে ডেপুটি চেয়ারম্যান খাইরাত আল-শাতিরকে প্রার্থী করতে যাচ্ছে দীর্ঘদিন মিশরের রাজনীতি নিষিদ্ধ থাকা এ দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনীত করেছে মুসলিম ব্রাদারহুড। চলতি বছর মে মাসে অনুষ্ঠেয় এ নির্বাচনে ডেপুটি চেয়ারম্যান খাইরাত আল-শাতিরকে প্রার্থী করতে যাচ্ছে দীর্ঘদিন মিশরের রাজনীতি নিষিদ্ধ থাকা এ দলটি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে না মুসলিম ব্রাদারহুড আগে এমনটি জানালেও শনিবার তারা শাতিরকে প্রার্থী করার কথা জানায়। বিবিসি এক খবরে একথা জানিয়েছে। তবে ব্রাদারহুডের এ সিদ্ধান্তের ফলে মিশরের উদারপন্থি ও সেনাবাহিনীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রাদারহুড আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা করছে। ২০১১ সালের নভেম্বরের নির্বাচনে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনেও তারা প্রার্থী দেবে বলে ধারণা করা হচ্ছিল। ওই নির্বাচনে মোট ভোটের প্রায় এক তৃতীয়াংশ ভোট পায় তারা। একইসঙ্গে মিশরের হোসনি মুবারক পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচনে প্রায় অর্ধেক আসনে জয়ী হয় মুসলিম ব্রাদারহুড। ব্রাদারহুডের এ ঘোষণার পর দলটির প্রার্থী কে হতে যাচ্ছে এ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হল। ধনাঢ্য ব্যবসায়ী আল-শাতির দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত এবং সংস্থাটির প্রধান অর্থদাতা। এ সময়ে মিশরে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত থাকায় প্রায় ১২ বছর কারাবন্দি ছিলেন তিনি। ২০১১ সালে হোসনি মুবারক বিরোধী আন্দোলনের পর মুক্তি পান শাতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০১ঘ.