টোকিও, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান পদে যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থী কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিমকে সমর্থন দেবে জাপান।
রোববার ইয়ং কিমের সঙ্গে এক বৈঠকের পর জাপানের অর্থমন্ত্রী জান আজুমি বিষয়টি জানান। নিজের প্রার্থীতার প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে বিশ্ব সফরের অংশ হিসেবে ইয়ং কিম এখন জাপানে।
কিমের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে আজুমি বলেন, “আমাদের বিবেচনায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য কিম সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তাই আমরা তাকে সমর্থন করব।”
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে এইচআইভি/এইডস এর বিরুদ্ধে কিমের লড়াইয়ের অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেন জাপানের অর্থমন্ত্রী।
বিশ্ব ব্যাংকের শীর্ষ পদের জন্য কিমকে উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর মনোনীত অপর দুই প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিশ্ব ব্যাংক প্রধানের পদে নাইজেরিয়ার অর্থমন্ত্রী এনগোজি ওকনজো আইয়েলা ও কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে আন্তনিও ওকাম্পো উঠতি অর্থনৈতিক শক্তির দেশগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এর প্রধানের পদ অলঙ্কৃত করে এলেও এবার উন্নয়নশীল দেশগুলো বলছে, এতে পরিবর্তন দরকার।
বিশ্ব ব্যাংকে ভোটের হিসাব অবশ্য ভিন্ন। কারণ, এখানে অনুদানের ওপর ভিত্তি করে ভোটের সংখ্যা নির্ধারণ করা হয়।
ফলে সবচেয়ে বেশি ভোটের অধিকারী যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সমর্থন পায়, তাহলে ওবামার মনোনীত প্রার্থীর আগামী জুনে জেলিকের বিদায়ের পর এই সংস্থার শীর্ষ আসনে বসতে কোনো সমস্যাই হবে না।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে এসেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জেলিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৩ঘ.
bdnews24