২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নির্বাচনে সু চির জয় দাবি

মিয়ানমারে পার্লামেন্টের উপনির্বাচনে নোবেল জয়ী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি একটি আসনে জয়ী হয়েছেন বলে দাবি করেছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

মিয়ানমার, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম/রয়টার্স)- মিয়ানমারে পার্লামেন্টের উপনির্বাচনে নোবেল জয়ী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি একটি আসনে জয়ী হয়েছেন বলে দাবি করেছে তার দল। রোববার মিয়ানমারের পার্লামেন্টের ৪৫টি আসনে উপনির্বাচন হয়। এর মধ্যে একটি আসনে লড়েন ন্যাশনাল লিগ ফর ডেমেক্র্যাসি (এনএলডি)’র নেত্রী সু চি। আনুষ্ঠানিক ভোট গণনা এখনও শেষ না হলেও এনএলডি দাবি করেছে, কাওমুর ওই আসনে খুব সহজেই জয় পেয়েছেন সু চি। এনএলডি তাদের সদরদপ্তরের বাইরে উচ্ছ্বসিত জনতার সামনে সু চির এ জয় ঘোষণা করে। এনএলডি’র এক কর্মকর্তা বলেন, “ দাও অং সান সু চি জিতেছেন।” এর মধ্য দিয়ে একনায়কত্বের বিরুদ্ধে প্রায় দু দশকের সংগ্রামের পর সরকারে সু চির প্রথম ভূমিকা রাখার সম্ভাবনা জেগে উঠেছে। তবে মিয়ানমারের নির্বাচন কমিশন এখনো ভোটের ফল নিশ্চিত করে জানায়নি। আর সু চিও তার জয়ের ব্যাপারে এখনই কোনো মন্তব্য করেননি। ১৯৯০ সালের পর এই প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিয়েছে সু চির দল। নির্বাচনে তারা ৪৪টি আসনে প্রার্থী দিয়েছে। ওই নির্বাচনের পর সামরিক বাহিনী সমর্থিত সরকার ক্ষমতাসীন থাকলেও মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্র“তির জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ উপ নির্বাচনকে। এছাড়া প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষদেরও অনুমতি দিয়েছে মিয়ানমার। এনএলডি ছাড়া আরো ১৬টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে। ভোরে ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করে। এই প্রথম বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) পার্লামেন্টের অধিকাংশ আসনে বিজয়ী হয়েছিল। এনএলডি ওই নির্বাচন বর্জন করে। কিন্তু সাবেক সামরিক আমলাদের দল ইউএসডিপি’র বেসামরিক সরকার স¤প্রতি মিয়ানমারে কিছু গণতান্ত্রিক সংস্কারের পদক্ষেপ নিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ১৫ বছর গৃহবন্দি থাকার পর ২০১০ সালের নভেম্বরে মুক্তি পান গণতান্ত্রিক আন্দোলনের নেতা সু চি, যার বাবা অং সান ছিলেন মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নেতা। সু চি ভোটে দাঁড়িয়েছেন ইয়াঙ্গুনের বাইরে কাওমু আসনে। সকালে ইয়াঙ্গুন থেকে ওই আসনের ভোটকেন্দ্রগুলো পরিদর্শনে বের হন তিনি। শারীরিক অসুস্থতা কারণে নির্বাচনী প্রচার সেভাবে চালাতে পারেননি ৬৬ বছর বয়সি এই নেতা। ১৯৯০ সালের পর তার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে হয় কারাগারে, নয় তো গৃহবন্দি অবস্থায়। আন্তর্জাতিক চাপে ২০১০ সালে সু চির সঙ্গে বন্দি অধিকাংশ রাজনৈতিক নেতাকেও মুক্তি দেওয়া হয়। শিথিল করা হয় গণমাধ্যমগুলোর ওপর আরোপিত কঠোর বিধিনিষেধ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বেসামরিক সরকার পার্লামেন্টের শূন্য আসনগুলোতে উপনির্বাচন ঘোষণা করলে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয় সু চির দল এনএলডি। পরিবর্তনের এই নতুন পরিবেশে দেশটি সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। ১৯৫৫ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সেটাই প্রথম মিয়ানমার সফর। নিরপেক্ষ ভোট হলে মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৬ঘ.