লন্ডন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিত্র দেশ সিরিয়াকে জাহাজ দিয়ে চীনে রাষ্ট্রায়ত্ব একটি কোম্পানিকে তেল সরবরাহে সহায়তা করছে।
এর মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসদকে অর্থনৈতিক দিক দিয়ে লাখ লাখ ডলার লাভ করিয়ে দিচ্ছে ইরান।
চীনের ওই তেল কোম্পানির এক সূত্র জানিয়েছে, সিরিয়া সরাসরি চীনে তেল বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু তারা তেল সরবরাহের জন্য কোনো জাহাজ খুঁজে পায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি সিট্রোল তখন অশোধিত তেল বহনের জন্য ভেনেজুয়েলার কাছে সহায়তা চেয়েছিল। পরে ইরান কর্তৃপক্ষ তাদের এ সমস্যা সমাধান করে ‘এম.টি. টুর’ ট্যাংকার পাঠিয়ে।
এই ট্যাংকারটি সপ্তাহান্তে সিরিয়ার তারতাস বন্দরে পৌঁছে। সেখানে তেল ভর্তি করার পর ট্যাংকারটিকে সর্বশেষ মিশরের পোর্ট সাইদে দেখা গেছে। জাহাজটির গন্তব্য জানা না গেলেও তেল কোম্পানির সূত্রে জানা গেছে, এটি চীন কিংবা সিঙ্গাপুরে যাবে।
চীনের কোম্পানিটির নাম ঝুহাই ঝেনরঙ কর্পোরেশন। রাষ্ট্রপরিচালিত এই কোম্পানিটি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়।
কোম্পানির মুখপাত্র তেল সরবরাহে ইরানের কোনো সহায়তা দেওয়ার কথা কখনো শোনেন নি বলে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্যও করতে রাজি হননি।
উল্লেখ্য, সিরিযার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। আসাদের সমর্থনে দেশটি সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্র“তি দিয়েছে। সিরিয়া সরকারের আন্দোলন-বিক্ষোভ দমনাভিযানেরও প্রশংসা করেছে ইরান।
ওদিকে, চীনও আসাদের পক্ষ সমর্থন করে আসছে। সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমা-সমর্থিত জাতিসংঘ প্রস্তাবনায় দেশটি দুবার ভেটো দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24