কাবুল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলা ও বন্দুকযুদ্ধে ৩০ তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছে।
আফগানিস্তানের সেনা টহলদলের ওপর সন্ত্রাসী হামলার পরই এই অভিযান চালানো হয় বলে শুক্রবার ন্যাটো ও আফগান কর্মকর্তারা জানান।
ন্যাটোর সহযোগী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের একজন মুখপাত্র জানান, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গুলিস্তান জেলায় বুধবার আফগান সেনা টহল দলটি হামলার শিকার হয়। তারা তাৎক্ষণিক বিমান সহায়তা চায়।
ওই মুখপাত্র আরো জানান, “দুই দফা বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে, বেশ কয়েকটি মোটর সাইকেল ধ্বংস হয়েছে।”
পশ্চিম আফগানিস্তান পুলিশের মুখপাত্র আবদুল রাউফ আহমাদি জানান, এই অভিযানে ৩০ তালেবান সন্ত্রাসী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নও মোহাম্মেদ ইউনেস রাসৌলি বলেন, গুলিস্তান জেলা অতিক্রম করার সময় আফগান ন্যাশনাল আর্মির পাঁচটি যান হামলার শিকার হয়। এ সময় তিন সেনা বাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যায়।
এই পরিস্থিতিতে বিমান সহায়তা চাইলে আইএসএএফ বাহিনী, সেনা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।
অন্যদিকে তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি একটি খুদেবার্তায় জানান, তার যোদ্ধারা গুলিস্তানে ৪০ জন সেনাকে হত্যা করেছে। ওই দলটি বিদেশি বাহিনীর জন্য রসদ নিয়ে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩০ ঘ.
bdnews24