২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা শাসনের প্রতিবাদে এক বছরে ২২ তিব্বতীর আত্মাহুতি

তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ৩২ জন তিব্বতীয় নিজের গায়ে আগুন লাগিয়েছে। আর এদের মধ্যে মারা গেছে কমপক্ষে ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

বেইজিং, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ৩২ জন তিব্বতীয় নিজের গায়ে আগুন লাগিয়েছে। আর এদের মধ্যে মারা গেছে কমপক্ষে ২২ জন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রি তিব্বত এ তথ্য জানিয়েছে। এই ঘটনাগুলোর অধিকাংশ দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলেই ঘটেছে। তবে চীনের সরকার এসব ঘটনা প্রায় সময়ই নিশ্চিত করে না। সর্বশেষ গত ২৮ মার্চ সিচুয়ান প্রদেশের আবা কাউন্টিতে শেরাব (২০) নামের এক বৌদ্ধ ভিক্ষু শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এর আগে ২৬ মার্চ ভারতে নির্বাসিত জাম্পেল ইয়েশি (২৭) নামের তিব্বতীয় এক নাগরিক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারত সফরের প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় ইয়েশি। উদীয়মান অর্থনীতির দেশগুলো ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক সম্মেলনে যোগ দিতে আসে। এই সম্মেলনেই বৃহস্পতিবার অংশ নিয়েছেন হু জিনতাও। এছাড়াও এ মাসে আরো সাত তিব্বতীয় আত্মহত্যা করেছে। চীনে আত্মহত্যাকারীদেরকে ‘সন্ত্রাসী’ ও অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়। আর আত্মহননকারীদের মদদ দেওয়ার ক্ষেত্রে নির্বাসিত তিব্বতীয়দের দায়ী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০০৯ ঘ.