টোকিও, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে কয়েকটি হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১০ সালের জুলাইয়ের পর দেশটিতে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হল।
জাপানের বিচারমন্ত্রী তোশিও ওগাওয়া এক সংবাদ সম্মেলনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করেন। কয়েদিদের নাম জানা যায়নি। ৩ জনকে আলাদা আলাদা কারাগারে ফাঁসি দেওয়া হয়।
বিশ্বের অল্পসংখ্যক কয়েকটি শিল্পোন্নত দেশের মধ্যে জাপান এখনো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে এবং তা একাধিক হত্যার ক্ষেত্রে প্রযোজ্য।
জাপানের অধিকাংশ মানুষ মৃত্যুদণ্ডাদেশের পক্ষে হলেও মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তবে তোশিও বলছেন, অপরাধের বিরুদ্ধে এ ধরনের দণ্ড দেশের জনগণ নির্ধারিত। শাস্তি দেওয়ার অধিকার জনগণের হাতে।
জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাঁসি কার্যকর হওয়া তিন কয়েদির একজনের বিরুদ্ধে ১৯৯৯ সালে দেশের পশ্চিমাঞ্চলের একটি ট্রেন স্টেশনে ৫ জনকে হত্যা করার অভিযোগ ছিলো।
বর্তমানে জাপানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে ১৩২ জন। এর মধ্যে রয়েছে ১৯৯৫ সালে টোকিওর রাস্তায় সারিন গ্যাস হামলার ঘটনার হোতা সোকো আশাহারাসহ ১৩ জন। ২০১১ সালে জাপানে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯৪৬ঘ.
bdnews24