নয়াদিল্লি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অপ্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মারাত্মক সঙ্কট ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তুলেছে।
গোপন এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে একথা জানান দেশটির বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং (ভি কে সিং)।
বুধবার ফাঁস হয়ে গেছে রাষ্ট্রীয় ওই গোপন চিঠি। ১২ মার্চে পাঠানো এ চিঠির বিশেষ অংশ ডিএনএ সাংবাদপত্রে ছাপা হয়েছে।
এর ফলে নাজুক পর্যায়ে পৌঁছেছে সরকারের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক।
চিঠিতে সেনাপ্রধান বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সেনাবাহিনীর ট্যাংক বহরে গোলার মারাত্মক সঙ্কট রয়েছে, এলিট বিশেষ বাহিনীর প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের যে সঙ্কট আছে তা দুঃখজনক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৯৭ শতাংশই যুগের অনুপযোগী হয়ে পড়েছে।
“সেনাবাহিনীর প্রধান অস্ত্র, যান্ত্রিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, আকাশ প্রতিরক্ষা, পদাতিক বাহিনী ও বিশেষ বাহিনী এবং ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল মুমুর্ষু দশায় পৌঁছে গেছে,” চিঠিতে লিখেছেন ভি কে সিং।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে এ্যান্টনি চিঠিটির কথা নিশ্চিত করে জানিয়ে বলেছেন, এটি জনসম্মুখে প্রকাশ করা উচিত হবে না।
ভারতের প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতারা চিঠিটির ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। চিঠিটি ফাঁস হওয়ার সঙ্গে সেনাপ্রধানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার পদত্যাগ দাবী করেছেন এদের মধ্যে কয়েকজন।
পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন ও পাকিস্তানের মাঝের দেশ ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানীকারক দেশ। সোভিয়েত আমলে দেশটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন বজায় রেখেছে।
কিন্তু প্রায়ই প্রতিরক্ষা চুক্তিগুলো চূড়ান্ত করতে দেশটি দশকের পর দশক ব্যয় করে ফেলে। এছাড়া দুর্নীতি কেলেঙ্কারির কারণে অনেক সময় অস্ত্র ক্রয়ে ধীর গতি দেখা দেয়।
“ভারতের নিরাপত্তা ও সুরক্ষার জন্য যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ,” পার্লামেন্টে বলেন এ্যান্টনি।
“রাষ্ট্রিয় গোপন নথি ফাঁসে জাতির কোনো উপকার হয় না,” বলেন তিনি।
পার্লামেন্টের বিরোধী দলগুলোও এ সময় সরকারের সঙ্গে সুর মিলায়। সেনাপ্রধানের বেসামরিক কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানানোর স্পর্ধার বিরুদ্ধে একযোগে উদ্বেগ প্রকাশ করে তারা।
চলতি বছরের শুরুর দিকে ভারতীয় সেনাপ্রধান ভি কে সিং সামরিক বাহিনীর রেকর্ডে তার উল্লিখিত বয়স নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে আদালতের দ্বারস্থ হন। রেকর্ড থেকে তার বয়স এক বছর কম, এই ছিল তার দাবি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মামলায় তিনি হেরে যান।
এসব বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আদালত তাকে ভৎর্সনাও করে।
গত সোমবারও প্রতিরক্ষা মন্ত্রলায়কে আক্রমণ করে ভি কে সিং জানান, সেনাবাহিনীর জন্য ত্র“টিযুক্ত ট্রাক কিনতে তাকে ২৮ লাখ ডলার ঘুষ সাধা হয়েছিল, তিনি তা প্রত্যাখান করে প্রতিরক্ষা মন্ত্রী এ কে এ্যান্টনিকে জানিয়েছিলেন, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী কোনো ব্যবস্থা নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24