দুবাই, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ১৩ এপ্রিল নতুন করে পরমাণু আলোচনা শুরুর অপেক্ষায় আছে ইরান। এর মধ্য দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছেন, তেহরান সফরকালে তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন। আগামী কয়েকদিনে আলোচনার স্থান নির্ধারণ করা হবে।
ব্রাসেলসে এক কূটনীতিকও আলোচনার সম্ভাব্য দিন ১৩ এপ্রিল নির্ধারিত হওয়ার কথা জানিয়েছেন।
এর আগে গত বছর জানুয়ারিতে ইস্তাম্বুলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীনের প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ বৈঠকটি ব্যর্থ হয়েছে। ওই বৈঠকে কোনো পক্ষ এমনকি কোনো আলোচ্যসূচিতেও একমত হতে পারেনি।
এরপর থেকে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে চাপের মুখে রাখতে যুক্তরাষ্ট্র এবং ইইউ কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে পশ্চিমাদের সন্দেহ। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে সর্বশেষ ইরানের ওপর ইইউ’র তেল নিষেধাজ্ঞা আরোপ হওয়া পর দুপক্ষের সম্পর্কে আরো অবনতি হয়েছে।
এ মাসের শুরুতে বিশ্বশক্তিগুলো ইরানকে কোনো পূর্বশর্ত ছাড়া আন্তরিকভাবে আলোচনায় বসার আহ্বান জানায়।
আগামী মাসে নতুন করে অনুষ্ঠেয় আলোচনায় ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোনই আবার নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩৩ঘ.
bdnews24