কাবুল, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার পরিকল্পনা করছে সন্দেহে এক ডজনেরও বেশি আফগান সেনা সদস্য গ্রেপ্তার হয়েছে।
কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর থেকে আত্মঘাতী হামলায় ব্যবহৃত ১০টি পোশাক পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার আফগান ও পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ খবর জানায়।
সোমবার ওই পোশাকগুলো পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরটি “প্রায় বন্ধ করে দেওয়া হয়” বলে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এই পোশাকগুলোতে অনেক ছোট ছোট থলি থাকে, সেগুলোতে বিস্ফোরক ভর্তি করে হামলার সময় ব্যবহার করে আত্মঘাতী হামলাকারীরা।
গত কয়েক সপ্তাহে পর পর বেশ কিছু ঘটনায় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠেছে।
দুই সপ্তাহ আগে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে রাতের আঁধারে নির্বিচার গুলিবর্ষণ করে ১৭ নিরীহ গ্রামবাসীকে হত্যার ঘটনাটি এর মধ্যে সর্বশেষ ঘটনা। ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্টকে অভিযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরটি কাবুলের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত একটি এলাকার মধ্যে অবস্থিত। দপ্তরটি প্রেসিডেন্টের প্রাসাদ ও ন্যাটোর নেতৃত্বধীন পশ্চিমা বাহিনীর প্রধান দপ্তরের মাত্র এক মাইলের মধ্যে অবস্থিত।
প্রকাশিত প্রতিবেদনে হামলার সম্ভাব্য লক্ষস্থল হিসেবে সরকারী কর্মজীবীদের বহনকারী বাস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গাড়ি রাখার স্থানে নিরাপত্তা প্রহরীদের ছাউনি থেকে ওই আত্মঘাতি পোষাকগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাটি নিশ্চিত করতে অস্বীকৃতি জানানো হয় বলে জানিয়েছে দৈনিকটি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছয়জনেরও বেশি আফগান ও পশ্চিমা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত কয়েকদিনে ন্যাটো সেনাদের ওপর আফগান সেনাদের বেশ কয়েকটি হামলার পর নতুন করে আফগান সেনাদের এ গ্রেপ্তারে দেশটির দেশী বিদেশি বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মাত্রই গত সোমবার আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই জন ব্রিটিশ সেনাসহ তিনজন বিদেশি সেনাকে গুলি করে হত্যা করেছে।
সম্প্রতি আফগানিস্তানের মিত্র অংশ থেকে এ ধরনের হামলা বৃদ্ধি পাওয়ার কারণ হল, সম্প্রতি কান্দাহারের নির্বিচার হত্যাকান্ড, তার আগে এক মার্কিন ঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনা, এবং এরও আগে নিহত আফগান তালেবান যোদ্ধাদের লাশের ওপর যুক্তরাষ্ট্্েরর মেরিন সেনাদের মূত্রত্যাগের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৮ঘ.
bdnews24