ত্রিপোলি. মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার দক্ষিণাঞ্চলে আধা সামরিক বাহিনীর বিবদমান দুই দলের মধ্যে তিনদিন ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৫০ জন মারা গেছে।
সহিংসতা বন্ধে সেনাবাহিনী মোতায়েন করা হলেও মঙ্গলবার দেশের দক্ষিণাঞ্চল ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম শহর সাবহাতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
শহরটির প্রধান হাসপাতালের চিকিৎসক ইব্রাহিম মিসবাহ বলেন, সাবহার লোকজন ও টিবু আদিবাসী সম্প্রদায়ের এ সংঘর্ষ এখন দেশের কেন্দ্রস্থলে ছড়িয়ে পড়েছে।
মিসবাহ জানান, মঙ্গলবার সাবহায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়। আর সোমবার সংঘর্ষে মারা যায় ২০ জন।
এনটিসিতে নিয়োজিত টিবু সম্প্রদায়ের প্রতিনিধি আলি গালামা জানান, সংঘর্ষে টিবু সম্প্রদায়ের ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
একটি গাড়ি নিয়ে সৃষ্ট বিতর্কে সাবহার এক বাসিন্দাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রোববার এ সংঘর্ষ বাধে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার দেশের দক্ষিণাঞ্চলে ৩শ’ সেনা পাঠানো হয়েছে। আর এদেরকে সহায়তা করতে মঙ্গলবার আরো ৩শ‘ সেনা ত্রিপোলি ছেড়েছে।
সাবহার বিদ্রোহী ওয়েদাত আল-হিফনাওয়ি জানান, সরকারি বাহিনী সাবহায় পৌঁছেছে এবং তারা ‘সংঘর্ষের কেন্দ্রে’ রয়েছে।
তিনি বলেন, “আমরা জানি যে লড়াই করতে নয় বরং সমস্যার সমাধানে তারা এখানে এসেছে।”
গত বছর মুয়াম্মার গাদ্দাফির পতনের পর নতুন সরকার ক্ষমতায় এসে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সহিংসতায় সেটাই ফুটে উঠেছে।
গাদ্দাফির পতনের পর লিবিয়ার যেসব এলাকায় প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনী ও আদিবাসী গোষ্ঠীগুলো ক্ষমতা ও সম্পদ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সেসব এলাকাতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)।
এদিকে সহিংসতা বন্ধে এনটিসি যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনটিসিতে নিযুক্ত সাবহার প্রতিনিধি আব্দুল মজিদ সাইফ আল-নাসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৭ ঘ.
bdnews24