বৈরুত, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার পরও দেশজুড়ে বিদ্রোহী অবস্থানগুলোতে সরকারি বাহিনীর ভারী অস্ত্রের হামলা, ঘেরাও অভিযান চলছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরা থেকে ৩২০ কিলোমিটার উত্তরে হামা এলাকার বিভিন্ন শহর এবং গ্রামে সামরিক অভিযান চলছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’।
হোমস শহরের কয়েকটি জায়গায়ও গোলা হামলার খবর পাওয়া গেছে। আন্দোলনকর্মীদের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কয়েকটি সাজোঁয়া যান নিয়ে সামরিক বাহিনী কালাত আল মাকিক শহর এবং এর কাছাকাছি হামার কয়েকটি গ্রামে অভিযান চালাচ্ছে।
স্থানীয় আন্দোলনকর্মীরা শহরটিতে ১৮ দিন ধরে গোলা হামলা চলার কথা জানিয়েছে। এলাকা ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। শহরটি ছেড়ে চলে গেছে বিদ্রোহীরাও।
সেনারা শহরটি ঘিরে রেখে গোলা হামলা চালাচ্ছে। তাদেরকে মোকাবেলা করার মতো যথেষ্ট অস্ত্র বিদ্রোহীদের হাতে নেই বলে জানিয়েছেন এক আন্দোলনকর্মী।
এর আগে মঙ্গলবার আনানের দেওয়া শান্তি পরিকল্পনায় রাজি হন প্রেসিডেন্ট আসাদ। এ প্রস্তাবে রাজনৈতিক আলোচনা, জনবহুল জায়গাগুলো থেকে ভারী অস্ত্র ও সেনা সরানো, অবাধে মানবিক ত্রাণ সরবরাহ করতে দেওয়া, বন্দিদের মুক্তি দেওয়া, আন্দোলনের স্বাধীনতা দেওয়া এবং সাংবাদিকদের অবাধে কাজ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আসাদ এতে রাজি হওয়ার পরও মাঠ পর্যায়ে পরিস্থিতি বদলায়নি। দেরায় নিরাপত্তা বাহিনী অধিবাসীদেরকে হয় বিদ্রোহীদের ধরিয়ে দেয়া নয়ত হামলার মুখে পড়ার হুমকি দিয়েছে। এরপর বুধবার ভোর থেকেই দেরার বসর আল-হারির শহরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে শুরু হয়েছে তুমুল সংঘর্ষ।
ওদিকে, হোমসের রাস্তান শহরে সকালের দিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে সেনা-বিদ্রোহী দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অবজারভেটরী ফর হিউম্যান রাইটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৭ঘ.
bdnews24