ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৭ আফগান গ্রামবাসী হত্যার দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট ব্যালেস ওই নির্বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে বিশ্বাস করেন না তার স্ত্রী। আফগানিস্তানে যাওয়ার আগে ব্যালেস মানসিকভাবে সম্পূর্ণ নির্ভার ছিলেন বলেও দাবি করেছেন তিনি।
সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্জেন্ট ব্যালেসের স্ত্রী ক্যারিলিন ব্যালেস এসব কথা বলেন।
গত ১১ মার্চ আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারের দুটি গ্রামে রাতের আঁধারে নিরস্ত্র ১৭ গ্রামবাসীকে হত্যার দায়ে স্টাফ সার্জেন্ট ব্যালেসকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি হত্যার অভিযোগসহ মোট ২৩টি অভিযোগ আনা হয়েছে।
নিহত ওই ১৭ আফগান গ্রামবাসীর মধ্যে নয় শিশু, চার নারী ও চার পুরুষ রয়েছে। এছাড়া আরো এক নারী ও এক পুরুষ এবং চার শিশু ওই ঘটনায় গুলিতে আহত হয়।
“এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে সে এটা করেনি। তার ওপর আমার বিশ্বসের কোনো পরিবর্তন হয়নি। যে রকম বলা হচ্ছে ঘটনাটি সে রকম নয়,” বলেন ব্যালেসের স্ত্রী ক্যারিলিন।
“এ ঘটনার সঙ্গে ও জড়িত আমি এটা কখনো চিন্তাই করি না,” বলেন ক্যারিলিন, “এ বিষয়ে আমি সব তথ্য জানিনা, তবে হত্যাকারী সে না। সে হতে পারে না।”
“সে কোথায় ছিল আর এখন কেন সে কারাগারে আছে, তা নিয়ে ওকে বিভ্রান্ত মনে হলো,” ব্যালেসের আটকাবস্থা নিয়ে বলেন তার স্ত্রী।
ক্যানসাসের একটি সামরিক কারগারের একটি নির্জন প্রকোষ্ঠে বন্দি আছেন সার্জেন্ট ব্যালেস। তার স্ত্রী দুইবার তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
সাক্ষাৎকারে ব্যালেসকে øেহবৎসল পিতা দাবি করে ক্যারিলিন বলেন, তার স্বামী সন্তানদের গায়ে কখনো হাত তুলতো না।
এ সময় স্বামীকে বয়স্ক একজন ‘শিশু’ বলে অভিহিত করেন তিনি।
অভিযোগ প্রমাণিত হলে মার্কিন সেনা আইন অনুযায়ী ১৭ আফগান হত্যার জন্য অভিযুক্ত ব্যালেসের মৃত্যুদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24