ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউ বিশ্বব্যাপী ১৩ লাখ গাড়ি ফিরিয়ে নিতে যাচ্ছে। ব্যাটারি সমস্যার কারণে সোমবার প্রতিষ্ঠানটি দু’টি সিরিজের ওই গাড়িগুলো ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
ব্যাটারির ওই সমস্যার কারণে গাড়িতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে এনডিটিভি জানায়।
এক বিবৃতিতে বিএমডব্লিউ জানায়, “উন্নতমান নিশ্চিত করার লক্ষ্যে বিএমডব্লিউ ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যে প্রস্তুতকৃত ৫ ও ৬ সিরিজের গাড়িগুলো বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “এই ত্র“টির কারণে গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হতে পারে। গাড়ি স্টার্ট নিতে ব্যর্থ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আগুনও ধরে যেতে পারে।”
তবে এই ত্র“টির কারণে কোনো দুর্ঘটনা বা আহত হওয়ার সংবাদ তাদের জানা নেই। যারা এই সিরিজের গাড়ি ব্যবহার করছেন তাদের মাত্র ৩০ মিনিটের জন্য সারাইখানায় এসে
এটি মেরামত করে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী প্রায় ১৩ লাখ গাড়িতে এই সমস্যাটি রয়েছে বলে বিএমডব্লিউ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৬ ঘ.
bdnews24