উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র-চীনের হুঁশিয়ারি
উত্তর কোরিয়াকে রকেট উৎক্ষেপণ পরিকল্পনার বিরুদ্ধে সোমবার হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন।
সিউল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়াকে রকেট উৎক্ষেপণ পরিকল্পনার বিরুদ্ধে সোমবার হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তর কোরিয়ার কোনোরকম উস্কানির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।
দক্ষিণ কোরিয়ায় পরমাণু নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জিনতাওয়ের সঙ্গে বৈঠকে ওবামা এ মতৈক্যে পৌঁছেন।
উত্তর কোরিয়া ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে।
এ পরিকল্পনাকে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উদ্বিগ্ন ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং বলছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য।
রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার মহান নেতা কিম ইল সাঙের ১শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশত বার্ষিকী।
কিন্তু হোয়াইট হাউজ বলেছে, সিউলের বৈঠকে চীনের প্রেসিডেন্ট জিনতাও মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে এমন আভাসই দিয়েছেন যে, তিনি উত্তর কোরিয়ার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং এ ব্যাপারে পিয়ংইয়ং সরকারকে চীনের উদ্বেগের কথা জানাচ্ছেন।
জিনতাও ইতোমধ্যেই কোরিয়া উপদ্বীপে শান্তি বজায় রাখা এবং সংযত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছেন।
ওদিকে, ওবামাও বলেছেন যে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক বিধিমালা অক্ষুন্ন রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে এ ব্যাপারে কাজ করে যাওয়ার আগ্রহ দু’দেশেরই আছে।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ ব্যাপারে চীনা নীতির কোনো পরিবর্তন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডেস বলেছেন, চীন আগেও উত্তর কোরিয়ার কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এতে উত্তর কোরিয়ার আচরণে কোনো পরিবর্তন ঘটেনি।
ফলে চীন উত্তর কোরিয়াকে যে ধরনের বার্তা বা হুঁশিয়ারি দিয়ে আসছে তার বেশি কোনো কিছু তারা করতে পারে কিনা তা তাদেরকে ভেবে দেখতে হবে, বলেন রোডেস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯২০ঘ.
