সিউল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার দূর পাল¬¬ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি প্রথম দুই কোরিয়ার মধ্যকার অসামরিক এলাকায় মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেন। এরপর আলোচনার জন্য সিউল যাবেন তিনি।
এপ্রিলে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উদ্বিগ্ন হয়ে আছে ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং বলছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য।
দক্ষিণ কোরিয়া সফরকালে ওবামা রাজধানী সিউলে একটি নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দেবেন। ৫০ টিরও বেশি দেশের নেতারা যোগ দেবেন এ সম্মেলনে।
পরমাণু অস্ত্র জঙ্গি কিংবা অপরাধীদের হাতে যাওয়া ঠেকানো নিয়েই মূলত সম্মেলনে আলোচনা হবে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের আলোচ্যসূচিতে নেই।
তবে উত্তর কোরিয়া এবং ইরান দু দেশেরই পরমাণু কর্মসূচি নিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হবে বলে স্পষ্ট করে জানিয়েছেন ওবামা।
উত্তর কোরিয়া সম্মেলনে অংশ নিচ্ছে না।
উত্তর কোরিয়া বলেছে, পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপনের উদ্দেশ্যে রকেটটি ছাড়বে তারা।
এই উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়ার প্রয়াত মহান নেতা কিম ইল সাঙ’র ১’শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশতবর্ষ।
দিবসটি উপলক্ষে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেতাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া সরকার।
কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বিশ্বাস করে দূর পাল¬¬ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হিসেবে রকেটটি ছাড়বে উত্তর কোরিয়া, কৃত্রিম উপগ্রহ স্থাপনের দাবি একটি অজুহাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১০৪৩ঘ.
bdnews24