পোর্ট সৈয়দ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে ফুটবল মাঠে সংঘর্ষে হতাহতের ঘটনায় একটি ক্লাবকে নিষিদ্ধের পর ওই ক্লাব সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) শুক্রবার আল-মাসরি ক্লাবকে আগামী দুই সেশনের জন্য নিষিদ্ধ করে। এর প্রতিবাদে ওই ক্লাবের সমর্থকরা পোর্ট সৈয়দে বিক্ষোভে নামলে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোর্ট সৈয়দে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মিলিটারি পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার সকালেও বিক্ষোভ চলতে থাকে।
“ওই সিদ্ধান্ত ঘোষণার পর কয়েকশ’ বিক্ষুব্ধ সমর্থক মিলিটারি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে,” বলেন এক প্রত্যক্ষদর্শী।
স্থানীয় হাসপাতালের একটি সূত্র বলেন, “পিঠে গুলি লেগে একজন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ।”
গত ফেব্র“য়ারিতে পোর্ট সৈয়দ স্টেডিয়ামে স্থানীয় আল-মাসরি ক্লাবের সঙ্গে কায়রোর আল-আহলি ক্লাবের খেলার সময় দুই দলের সমর্থকদের সংঘর্ষে ৭৪ জন নিহত হয়।
ফুটবল অ্যাসোসিয়েশন আল-মাসরিকে নিষিদ্ধের পাশাপাশি পোর্ট সৈয়দ স্টেডিয়ামও তিন বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৫২ ঘ.
bdnews24