২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ইরানি কর্মকর্তার ওপর ইইউ নিষেধাজ্ঞা

গুরুতর মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা থাকার অভিযোগে ইরান সরকারের বিশিষ্ট সদস্যসহ ১৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ব্রাসেলস/দুবাই, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুরুতর মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা থাকার অভিযোগে ইরান সরকারের বিশিষ্ট সদস্যসহ ১৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে মোট ৭৮ জন ইরানির ওপর নিষেধাজ্ঞা আরোপিত হল। মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে এদের সম্পত্তি জব্দ করাসহ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার নতুন এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার এক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়। নিষেধাজ্ঞা আরোপিতদের মধ্যে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী রেজা তাকিপুর, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক (আইআরআইবি)’র প্রধান এজ্জাতোল্লাহ জারঘামি ও বিচারবিভাগীয় প্রধান সাদেক লারিজানির নামও রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির সরাসরি অধীনস্ত দুইজনের নামও এ তালিকায় রয়েছে। এরা হলেন, রেভল্যুশনারি গার্ডে খামেনির প্রতিনিধি আলি সাঈদী এবং খামেনির কার্যালয়ের উপ প্রধান ও নিরাপত্তা প্রধান আলি মিরহেজাজি। ইইউ সাময়িকীতে তাকিপুরকে ‘সেন্সরশিপের দায়িত্বপ্রাপ্ত ও ইন্টারনেট কর্মকান্ডের নিয়ন্ত্রক অন্যতম কর্মকর্তা’ আখ্যা দেওয়া হয়েছে। আর সম্প্রচারের ক্ষেত্রে আইআরআইবি’র ভূমিকাকে ‘জোরপূর্বক দোষ স্বীকার ও বিচার দেখানো’র মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। ইইউ’র পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে ১৭ জনের নামের তালিকা প্রণয়ন ছাড়াও টেলিযোগাযোগ খাতের পর্যবেক্ষণে ব্যবহার যোগ্য যন্ত্রপাতি দেশটিতে রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বৈঠকের পর ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেন, “মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক ও বিরোধী দলের সদস্যসহ ইরানের নাগরিকদের ওপর চলমান দমনপীড়নের নিন্দা জানাই আমরা।” ২০০৯ সালের জুন মাসে অনুষ্ঠিত বিতর্কিত পুনর্র্নিবাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ঘটছে বলে বিভিন্ন সংগঠন দাবি করে আসছে। আইনি অধিকার লঙ্ঘনের অভিযোগে একজন বিচারক ও কয়েকজন আইনজীবীর নামও রয়েছে এতে। এছাড়া, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার অভিযোগে রাজনীতি বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী স্নীদ মোরতাজাভিসহ আরো কয়েকজন কর্মকর্তাও রয়েছেন এতে। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ’র পৃথক আরো একটি তালিকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৪২ঘ.