বৈরুত, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাবান মা ও স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার আরোপ করা এই নিষেধাজ্ঞার আওতায় আসাদের বোন ও শ্যালিকাসহ প্রভাবশালী আরো ১০ সিরীয়র নাম রয়েছে।
এক বছর ধরে চলা সিরিয়ার গণআন্দোলন দমনে শক্তিপ্রয়োগ করা থেকে আসাদের ঘনিষ্ঠ চক্রকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে সিরিয়ার ওই প্রভাবশালী ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না। এই দেশগুলোতে ওই ব্যক্তিদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং ইইউভুক্ত দেশগুলোর কোনো কোম্পানির সঙ্গে ওই ব্যক্তিরা কোনো লেনদেনও করতে পারবেন না।
তবে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক আসাদের স্ত্রী আসমা আল আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এটি আসমার যুক্তরাজ্য প্রবেশে বাধা সৃষ্টি করবে না।
এর আগে ইইউ’র জারি করা নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ায় অস্ত্র বিক্রি ও সিরিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার বিষয়ে ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউরি রজেনথ্যাল বলেন, “নিষেধাজ্ঞার নতুন এই তালিকার মাধ্যমে আমরা আসাদ গোত্রের হৃদয়ে আঘাত করেছি, এর মাধ্যমে আমরা আসাদের প্রতি একটি জোরালো ও পরিষ্কার বার্তা পাঠালাম আর তা হচ্ছে তাকে আবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে”।
ইইউ’র এই সিদ্ধান্তের দিনেই সিরিয়া জুড়ে আবার নতুন সহিংসতা শুরু হয়।
সিরীয় সেনাবাহিনী বিদ্রোহী অধ্যুষিত শহর হমসে বৃষ্টির মতো মর্টার গোলা নিক্ষেপ করে। এতে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে সরকারবিরোধী দলগুলোর সমর্থকরা।
সিরিয়ার সব পক্ষকে লড়াই বন্ধ করে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও সহিংসতা বন্ধ হয়নি। দেশজুড়ে হামলা-সংঘর্ষ চলছেই।
নিরাপত্তা পরিষদ সদস্যদের সর্বসম্মত বিবৃতিতে সিরিয়ায় সবরকম সহিংসতা অবসানের স্পষ্ট বার্তা দেওয়া হলেও এ আবেদন তেমন কাজে আসেনি বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি প্রস্তাবকে সমর্থন জানানো হয়েছে এবং কাফি আনান প্রস্তাবিত ছয় দফা মানতে ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে আরো অন্যান্য পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আনান প্রস্তাবিত ছয় দফার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা, সরকার ও বিরোধীপক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ শুরু করা এবং ত্রাণ সংস্থাগুলোকে পুরোমাত্রায় প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
গত এক বছর ধরে চলা সিরিয়ার এ আন্দোলন-সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৬ ঘ.
bdnews24