লন্ডন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনের বাণিজ্যিক এলাকায় উপর্যুপরি গুলিবর্ষণে এক সাবেক রুশ ব্যাংক মালিক মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার লন্ডন পুলিশের সূত্রগুলো এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ওই বাণিজ্যিক এলাকার একটি অংশে প্রবেশের সময় এক বন্দুকধারীর গুলিতে জারমান গরবান্টসভ নামের ওই রুশ ব্যবসায়ী আহত হন। তার অবস্থা সংকটাপন্ন হলেও অবস্থার অবনতি হচ্ছে না বলে জানা গেছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা।
ঘটনাস্থল থেকে একজনকে দৌড়ে পালাতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
“গুলিবর্ষণের ঘটনাটি কোনো সংঘবদ্ধ অপরাধী দলের কাজ নয় বা অন্য কোনো ঘটনার সঙ্গেও বিষয়টি জড়িত নয়,” বলে এক বিবৃতিতে দাবি করেছে লন্ডন পুলিশ।
লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যেই এক ব্যক্তি সাবমেশিনগান দিয়ে তার উপর গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গরবান্টসভ রাশিয়া ও মালদোভার কয়েকটি ব্যাংকের মালিক ছিলেন। হাসপাতালে সশস্ত্র পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪১ ঘ.
bdnews24