সান ফ্রান্সিসকো, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বিচার গুলি চালিয়ে আটজন প্রাপ্তবয়ষ্ক ও নয় শিশুসহ মোট ১৭ আফগান গ্রামবাসীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনা স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
শুক্রবার তার বিরুদ্ধে ১৭ টি খুনের অভিযোগসহ অতিরিক্ত আরো ৬টি অভিযোগ দায়ের করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী।
নিহতদের বাইরে আরো দুইজন আফগান প্রাপ্তবয়ষ্ক ও চার শিশুকে হত্যার চেষ্টা ও লাঞ্ছনার দায়ে অতিরিক্ত অভিযোগগুলো গঠন করা হয়।
গত ১১ মার্চ গভীর রাতে সার্জেন্ট ব্যালেস আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারের গ্রামাঞ্চলের একটি মার্কিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে পায়ে হেঁটে নিকটবর্তী দুটি গ্রামে গিয়ে ১৭ জন নিরীহ নিরস্ত্র আফগান গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
নিহতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও নয় শিশু। এদের সবাইকে তাদের নিজ বাড়িতেই হত্যা করা হয়।
এছাড়া অপর একজন পুরুষ ও একজন নারী ও আরো চারটি শিশু ব্যালেসের গুলিতে আহত হয়।
যুক্তরাষ্ট্রের সেনা আইনে পূর্বপরিকল্পিত খুন সর্ব্বোচ্চ অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে ব্যালেসের মৃত্যুদণ্ড হতে পারে। তবে কারাগার থেকে পালানোর চেষ্টা করবে না এমন যোগ্যতা প্রমাণ হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে বলে সেনাবাহিনী প্রকাশিত বিবৃতিতে জানানো হয়।
কান্দাহার হত্যাকাণ্ডের প্রাথমিক প্রতিবেদনে তিন নারী, চার পুরুষ ও নয় শিশুসহ মোট ১৬ জন হত্যার খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু অভিযোগ গঠনের সময় ব্যালেসের বিরুদ্ধে ১৭টি খুনের অভিযোগ দায়ের করা হয়।
শুক্রবারও আফগানিস্তানের কর্মকর্তারা হত্যাকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন। আর আহতদের মধ্যে কেউ পরে মারা যায় নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তাই আনুষ্ঠানিক অভিযোগে অতিরিক্ত আর একটি খুন কিভাবে যুক্ত হলো তা পরিষ্কার হওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০৫ ঘ.
bdnews24