ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথটাবে ডুবে মার্কিন গায়িকা হুইটনি হিউস্টনের মৃত্যু হয়েছে। তবে এর সঙ্গে মাদকের ব্যবহার ও হৃদরোগের বিষয়ও জড়িত বলে মনে করছে তার মৃতদেহ পরীক্ষাকারী চিকিৎসক।
ক্রেইগ হার্ভে নামের ওই চিকিৎসক জানান, হুইটনি যে দীর্ঘদিন ধরে কোকেইন গ্রহণ করছিলেন ড্রাগ টেস্টে তা জানা গেছে বলে বিবিসি জানায়।
তার এ ঘোষণায় মার্কিন এ গায়িকার মৃত্যুর কারণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা গুজবের অবসান হলো।
গত ১১ ফেব্র“য়ারি গ্রামি অ্যাওয়ার্ডের আগে লস এঞ্জেলেসের এক হোটেলের বাথটাব থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
এক বিবৃতিতে লা কাউন্টি করোনার কার্যালয় হুইটনির মৃত্যুর ধরনকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে। তবে ‘আঘাতের চিহ্ন সনাক্ত হয়নি’ বলেও এতে জানানো হয়।
মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া এবং হৃদরোগ ও কোকেইন ব্যবহারকে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার রক্তে মারিজুয়ানা, উদ্বেগরোধী ওষুধ, পেশি শিথিলকারী ও অ্যালার্জির ওষুধের উপস্থিতি সনাক্ত করা হয়। তবে এসব ওষুধ তার মৃত্যুর জন্য দায়ী নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হুইটনি হিউস্টনের ভাবি প্যাট্রিসিয়া হিউস্টন এপিকে বলেন, “মৃত্যুর এসব কারণ জেনে খারাপ লাগছে। তবে কারণ সম্পর্কে গুজবের সমাপ্তি হওয়ায় আমরা খুশি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৪ ঘ.
bdnews24