ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের আসন্ন উপনির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ইয়াঙ্গুনে অবস্থিত মার্কিন দূতবাসের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানান।
চলতি বছরের ১ এপ্রিল মিয়ানমারের পার্লামেন্টের ৪৮টি আসনে উপনির্বাচনের কথা রয়েছে। এর মধ্যে একটি আসনে লড়ছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সাং সু চি।
এর আগে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগী সংস্থা আসিয়ানকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানায় দেশটির সরকার। মিয়ানমারে এই প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশিদের অনুমতি দেয়া হচ্ছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আসিয়ানের মহাসচিব সুরিন পিতসুয়ান এক টুইটে জানান, নির্বাচনে আসিয়ান, যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন, চীন ও উত্তর কোরিয়া থেকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে।
সব মিলিয়ে প্রায় ৬০ জন বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের সবাইকে ৪৮টি নির্বাচনী অঞ্চলের সবকয়টিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
তবে মিয়ানমারের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষদের আমন্ত্রণ জানানোর বিষয়টি ঘোষণা করেনি বলেও খবরে বলা হয়েছে।
মিয়ানমারের বিরোধী দলীয় নেতা অং সাং সু চি ১৯৯০ সালের পর এই প্রথম কোনো নির্বাচনে লড়ছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে এবং এর মধ্য দিয়ে মিয়ানমারের ওপর থেকে বিদেশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি পথ তৈরি হতে পারে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে এএফপির এক খবরে মিয়ানমারের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘকেও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে।
তবে মার্কিন দূতাবাসের ওই মুখপাত্র জানান, কেবল আসিয়ান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24