বাগদাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে গত মঙ্গলবার চালানো সিরিজ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে দেশটির আল কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। বাগদাদে আসন্ন আরব লিগের সম্মেলনের আগে নেওয়া নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিতেই তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
ইসলামপন্থী সুন্নি মুসলিম সংগঠনটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, বাগদাদে সম্মেলনের প্রাক্কালে নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে এ হামলা চালানো হয়।
ইরাকের বিভিন্ন শহরে সেদিন ৩০টি বোমা হামলায় অন্ততপক্ষে ৫২ জন নিহত ও ২৫০ জন আহত হয়। ইরাকের পুলিশ বাহিনীকে লক্ষ করে চালানো এ হামলা ছিলো গত এক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
আগামী ২৭-২৯ মার্চ বাগদাদে আরব লিগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২০ বছরের মধ্যে ইরাকে এবারই প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত দখলের পর প্রথমবারের মতো ইরাকে অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে দেশটির প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সরকার সাদ্দাম পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ বলে মনে করছেন।
ইরাকে ২০০৬-০৭ সালের পর থেকে সহিসংতা কমে এলেও এখনও দেশটিতে প্রায় প্রতিদিনই বোমা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
সুন্নি মুসলিম বিদ্রোহী সংগঠন জানায়, মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও তারা অস্ত্র সমর্পন করবে না এবং শিয়া নেতৃত্বাধীন সরকারের সঙ্গে লড়াই অব্যাহত রাখবে।
সর্বসা¤প্রতিক এই হামলাসহ গত ২৩ ফেব্র“য়ারি শিয়া মুসলিমদের লক্ষ করে চালানো হামলার দায়ও স্বীকার করেছে তারা। ওই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়।
এছাড়া ১৯ ফেব্র“য়ারি বাগদাদে পুলিশ কর্মকর্তা ও ক্যাডেটদের লক্ষ করে চালানো গাড়ি বোমা হামলা এবং ৫ মার্চ হাদিথা চেক পয়েন্টে চালানো হামলার কথাও স্বীকার করেছে তারা। ওই দুটি ঘটনায় যথাক্রমে ১৯ জন ও ২৭ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৬ ঘ.
bdnews24