ওয়াশিংটন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ও উত্তর কোরিয়ার অসামরিক অঞ্চল (ডিএমজেড) পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পরমাণু বিষয়ক একটি সম্মেলনের আগে তিনি ওই অঞ্চল সফর করবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতি জোর সমর্থন দেখাতেই ওই অঞ্চলে সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
আগামী সোমবার সিউলে পরমাণু বিষয়ক সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিন ব্যাপী পরমাণু নিরাপত্তা বিষয়ক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৫৩ জনেরও বেশি নেতা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ওই অঞ্চলে প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে।
দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার যুদ্ধ ১৯৫৩ সালে শেষ হলেও কোনো শান্তি চুক্তি না হওয়ায় দেশ দু’টি যুদ্ধাংদেহী অবস্থানে রয়েছে। এরপর থেকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী অবস্থান করছে।
দুই কোরিয়ার মধ্যকার প্রায় ৪ কিলোমিটার প্রস্থের ওই সীমান্তই সম্ভবত বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত অঞ্চল। গত শতকের ৯০’র দশকে ওই অঞ্চল সফরের পর ‘বিশ্বের সবচেয়ে ভীতিকর স্থান’ বলে আখ্যা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৩ ঘ.
bdnews24