প্যারিস, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সের তুলজে একটি ইহুদি স্কুলের বাইরে সোমবার অস্ত্রধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। নিহতদের তিনজন শিশু এবং একজন শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের সামনে অপেক্ষমান লোকদের ওপর গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় হামলাকারী। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
এর আগে শুক্রবার তুলজে একই ধরনের আলাদা দুটি হামলায় তিন সেনা নিহত হয়।
পুলিশ সূত্র আরো জানায়, হামলার পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদে গ্যেটে ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের সফর বাতিল করে তুলজের দিকে রওনা হয়েছেন।
এছাড়া, এ ঘটনার পর ফ্রান্সে সব ইহুদি স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৭ঘ.
bdnews24