২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অটুট থাকবে’

১৬ বেসামরিক আফগান নাগরিককে হত্যার ঘটনায় সেখানে মার্কিন সেনা অবস্থান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির কোনো পরিবর্তন হবে না বলে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

কাবুল, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৬ বেসামরিক আফগান নাগরিককে হত্যার ঘটনায় সেখানে মার্কিন সেনা অবস্থান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির কোনো পরিবর্তন হবে না বলে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানিয়েছেন। এ চুক্তি অনুযায়ী ২০১৪ সালে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরও কিছু সংখ্যক সেনা আফগানিস্থানে থেকে যাবে। বছরখানেক সময় ধরে আফগানিস্তানে কিছু সংখ্যক বিশেষ সেনা ও উপদেষ্টাদের থেকে যাওয়ার ব্যাপারে কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে আসছে। প্রায় এক যুগ ধরে যুদ্ধ ও এর ফলশ্র“তিতে বেসামরিক মানুষ হতাহত হতে থাকায় বিষয়টি আফগানিস্তানের জন্য বেশ স্পর্শকাতর হয়ে দেখা দিয়েছে। এক সপ্তাহ আগে দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে এক মার্কিন সেনা একটি গ্রামে ঢুকে ১৬ বেসামরিক আফগানকে হত্যা করলে এ বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে। এ ঘটনায় নিহতদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের শেষ প্রান্তে চলে এসেছেন তিনি। তবে আফগান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ ঘটনায় ক্ষোভ প্রকাশের পরও আলোচনা থেমে থাকেনি, এমন কী এতে কোনো ছেদও পড়েনি। আফগান নিরাপত্তা বাহিনীর জন্য দীর্ঘমেয়াদী সহায়তা বিষয়ে আগামী মে মাসে শিকাগোতে এক সম্মেলনের আগেই এ ‘কৌশলগত অংশীদারী চুক্তি’টি সই হবে বলে আশা করছে উভয়পক্ষই। তিনি জানান, কান্দাহারের ঘটনায় এ আলোচনা বিঘিœত হয়নি। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বের মৌলিক স্তম্ভগুলো অটুট রয়েছে। রোববার আফগানিস্তানের তোলো টেলিভিশনকে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে পৃথক চুক্তি হবে বলে জানান তিনি। ফাইজি আরো জানান, এ চুক্তির পূর্বশর্ত হিসেবে আফগানিস্তানে রাতের বেলায় মার্কিন সেনাদের সব ধরনের আক্রমণ বন্ধ রাখার দাবি জানানো হবে। কান্দাহারে ১৬ বেসামরিক আফগানকে হত্যার আগেও ক্রমাগত হামলা ও গত মাসে ন্যাটোর ঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনায় আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে বেশ টানাপড়েন চলে আসছে। সব বিদেশি সেনা আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছে তালিবান কর্তৃপক্ষ। ২০১৪ সালের মধ্যেই ন্যাটোর বেশিরভাগ সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৯ ঘ.