ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের অর্থনীতিতে ইন্টারনেটের অবদান ৮.৩ শতাংশ। আর ২০১০ সালে ‘ইন্টারনেট অর্থনীতির’ মূল্য দাঁড়ায় ১২১ বিলিয়ন ডলার, প্রতিজনে ২ হাজার ডলারেরও বেশি।
স্বাস্থ্যসেবা, নির্মাণ বা শিক্ষা খাতকেও ছাড়িয়ে গেছে এটা।
সম্প্রতি বোস্টন কনসাল্টিং গ্র“প (বিসিজি) পরিচালিত এক গবেষণায় এটি উঠে এসেছে বলে বিবিসি জানায়।
এতে বলা হয়, অন্যান্য বড় বড় অর্থনীতির দেশের তুলনায় যুক্তরাজ্য অনলাইনে বেশি পণ্য বিক্রি করে। ২০১০ সালে মোট পণ্যের প্রায় ১৩.৫ শতাংশই কেনা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। আর ২০১৬ সালে তা বেড়ে ২৩ শতাংশ হতে পারে বলেও এতে বলা হয়।
গবেষকরা বলেন, যুক্তরাজ্যের সার্বিক ওয়েবভিত্তিক অর্থনীতি দ্রুত বেড়ে চলেছে। আগামী চার বছরে এটা বার্ষিক ১১ শতাংশ বেড়ে ২০১৬ সালের মধ্যে ২২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলেও ধারণা করছেন তারা।
গবেষণায় বলা হয়, গত তিন বছরে বার্ষিক ১২.৫ শতাংশ হারে রাজস্ব বেড়েছে।
গবেষণায় ভিন্ন তথ্যও পাওয়া গেছে। এতে দেখা যায়, যুক্তরাজ্যে ওয়েবের প্রতি জনগণের আকর্ষণও দিনদিন বাড়ছে। গবেষণায় অংশগ্রহণকারীদের এক চতুর্থাংশ জানান, ব্রডব্যান্ড সংযোগ রক্ষায় তারা এক বছরের জন্য যৌনকর্ম বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখতে পারেন। আর প্রায় ৬৫ শতাংশ জনগণ মদ, ৭৬ শতাংশ চকলেট ও ৭৮ শতাংশ কফি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫১ ঘ.
bdnews24