২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনুসিকে ফেরত চায় লিবিয়া

মৌরিতানিয়ায় আটক লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শ্যালক ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে হস্তান্তরের জন্য দেশটির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লিবিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌরিতানিয়ায় আটক লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শ্যালক ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে হস্তান্তরের জন্য দেশটির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লিবিয়া। বিবিসি এই খবর জানিয়েছে। লিবিয়ার নতুন অর্š-বর্তী সরকারের এক মুখপাত্র রোববার ত্রিপোলিতে ঘোষণা করেছেন, সানুসিকে লিবিয়ায় ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। “আমরা নিশ্চয়তা দিচ্ছি, সানুসিকে লিবিয়ায় ফিরিয়ে আনা হবে,” বলেন মুখপাত্র মোহাম্মেদ আল হারিজি। তবে, আন্তর্জাতিক অপরাধ আদালতও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সানুসিকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। এছাড়া, ১৯৮৯ সালে একটি বিমানে বোমা হামলায় সঙ্গে জড়িত থাকার দায়ে ফ্রান্সও তাকে ফ্রান্সের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ও ফ্রান্সের দাবির কথা উল্লেখ করে হারিজি বলেন, “তাদের দাবি সত্ত্বেও সানুসিকে ফেরত পাওয়ার ক্ষেত্রে লিবিয়ার দাবিই প্রধান।” শুক্রবার রাতে মৌরিতানিয়ার নেয়াকশট বিমানবন্দর থেকে সেনুসিকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ৬৩ বছর বয়সী সেনুসিকে লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির অন্যতম বিশ্বস্ত সহযোগী বলে মনে করা হয়। গণঅভ্যুত্থান ও কয়েক মাসের লড়াইয়ের পর ক্ষমতাচ্যুত গাদ্দাফি গত বছর অক্টোবরে নিহত হওয়ার পর সেনুসি লিবিয়া থেকে পালিয়ে যান। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে। মৌরিতানিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানান, লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান মালির ভুয়া পাসপোর্ট নিয়ে মরক্কো থেকে নোয়াকশট বিমানবন্দরে এসে নামলে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩০২ ঘ.