ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের নির্বাসিত লেখক সালমান রুশদি। আর এ কারণে ওই অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহার করেছেন ইমরান খান।
শনিবার নয়া দিল্লির তাজ প্যালেসে ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন রুশদি। এতে ‘স্বাধীনতা বনাম আমি যা তাই আমি’ শিরোনামের একটি সেশনে বক্তব্য দেন তিনি। পিটিআই এ তথ্য জানায়।
এদিকে তার উপস্থিতির কারণে নিজেকে প্রত্যাহার করা ইমরান খান বলেন, সালমান রুশদি আছেন এমন কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তিনি ভাবতেও পারেন না।
“তিনি সারা বিশ্বে মুসলমানদের অপরিমেয় আঘাত দিয়েছেন।”
নিরাপত্তার কারণ দেখিয়ে জয়পুরে একটি সাহিত্য উৎসবে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করার দুই মাস পর ভারত এলেন রুশদি।
১৯৮৮ সালে ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর লেখক রুশদির বিরুদ্ধে দেশে-বিদেশে বিক্ষোভ করে উগ্র মুসলিম গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভের মুখে এক পর্যায়ে ভারতে নিষিদ্ধ হন তিনি।
কয়েকটি ইসলামি দলের হুমকির মুখে গত জানুয়ারিতে জয়পুরে সাহিত্য উৎসবে অংশ নেওয়া থেকে বিরত থাকেন বুকার পুরস্কার জয়ী এ লেখক।
সহিংসতার ভয়ে ওই উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সও বাতিল করে আয়োজকরা।
অবশ্য সে সময়ই সুযোগমতো ভারতে আসবেন বলে ঘোষণা দেন রুশদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩১৮ ঘ.
bdnews24